আমরা আগামীতে মানবিক বাংলাদেশ গড়তে চাই: ডা. শফিকুর রহমান
টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম
টাঙ্গাইলে নির্বাচনি জনসভায় বক্তব্য দিচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও ১১ দলীয় নির্বাচনি ঐক্যজোটের প্রধান ডা. শফিকুর রহমান বলেছেন, বিগত ৫৪ বছরে অনেক নির্বাচন হয়েছে। অনেক ওয়াদা দেওয়া হয়েছে। কিন্তু ওয়াদা ওয়াদার জায়গায় রয়ে গেছে। জুলাই যুদ্ধে যুবকরা একটা দাবি করতেন- উই ওয়ান্ট জাস্টিস। আমরা এমন বাংলাদেশ গড়তে চাই যেখানে ইনসাফ থাকবে, যেখানে কর্মসংস্থানের সুযোগ থাকবে, নিরাপত্তা থাকবে। আমরা আগামীতে এমন মানবিক বাংলাদেশ গড়তে চাই।
বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে ১১ দলীয় নির্বাচনি ঐক্যজোটের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘‘আমরা বসন্তের কোকিল নই। ইতিপূর্বে অনেক জুলুম নির্যাতন সহ্য করার পরও দেশ ছাড়ি নাই, এই মাটি ছেড়ে যাই নাই। দুঃখের সময় আপনাদের সাথে ছিলাম। সুখের সময়ও আপনাদের সাথে থাকবো। আমরা জাতিকে পিছিয়ে নিতে চাই না। আমরা জাতিকে এগিয়ে নিতে চাই। আগামী ১২ ফেব্রুয়ারি সুষ্ঠু নির্বাচন জাতি আদায় করে ছাড়বে।’’
এটা কোনো সাধারণ নির্বাচন নয়। এটা নতুন বাংলাদেশ গড়ার নির্বাচন উল্লেখ করে তিনি বলেন, দেড় হাজারেরও বেশি জুলাই যোদ্ধাদের রক্তের বিনিময়ে এবারের নির্বাচন। জুলাই যোদ্ধাদের সম্মানে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান জানান তিনি।
এ সময় তিনি ঐক্যজোটের নেতাকর্মী ও সমর্থকদের সামনে টাঙ্গাইলের ৮টি আসনের ১১ দলীয় নির্বাচনি ঐক্যজোট মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেন এবং তাদের জন্য ভোট চান।
টাঙ্গাইল-৫ (সদর) আসনের ১১ দলীয় জোটের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের আমীর আহসান হাবীব মাসুদের সভাপতিত্বে জনসভায় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জামায়াতের ঢাকা উত্তরাঞ্চলের সদস্য হযরত মাওলানা দেলোয়ার হোসেন, জামায়াতের কর্ম পরিষদ সদস্য অধ্যক্ষ খলিলুর রহমান মাদানী, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য সাইফুল ইসলাম, খেলাফত মজলিশের সাংগঠনিক সম্পাদক খন্দকার শাহাবুদ্দিন প্রমুখ।
১১ দলীয় জোটের এই নির্বাচনি জনসভাকে কেন্দ্র করে টাঙ্গাইল শহরের বিভিন্ন সড়কে নেতাকর্মী ও সমর্থকদের জনস্রোত লক্ষ্য করা যায়।
ঢাকা/কাওছার//