শুক্রবার ফরিদপুরে ২টি জনসভায় বক্তব্য রাখবেন জামায়াত আমির
ফরিদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফরিদপুরে ডা. শফিকুর রহমানের সফর উপলক্ষে জেলা জামায়াতের সংবাদ সম্মেলন
নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে আগামীকাল শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ফরিদপুর সফরে আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সফরকালে তিনি জেলার বোয়ালমারী ও ফরিদপুর সদরে আয়োজিত পৃথক দুটি বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন। তার এই সফরকে কেন্দ্র করে জেলাজুড়ে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
দলীয় সংবাদ সম্মেলন সূত্রে জানা গেছে, জামায়াত আমির ডা. শফিকুর রহমান শুক্রবার বিকেলে প্রথমে বোয়ালমারী উপজেলা সদরের সরকারি কলেজ মাঠে (বোয়ালমারী স্টেডিয়াম) আয়োজিত জনসভায় অংশ নেবেন। সেখানে সমাবেশ শেষে তিনি সন্ধ্যায় ফরিদপুর জেলা শহরে ফিরবেন। রাত ৮টায় ঐতিহাসিক ফরিদপুর রাজেন্দ্র কলেজ মাঠে আয়োজিত দ্বিতীয় জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন তিনি।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ফরিদপুর জেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ফরিদপুর জেলা আমির মাওলানা মো. বদরুদ্দীন। সংবাদ সম্মেলনে জানানো হয়, আমিরে জামায়াতের আগমন উপলক্ষে ইতিমধ্যেই সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
ফরিদপুর জেলা আমির মাওলানা মো. বদরুদ্দীন বলেন, “দীর্ঘদিন পর আমিরে জামায়াত ফরিদপুরে আসছেন। এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের। আমরা আশা করছি, বোয়ালমারী এবং রাজেন্দ্র কলেজ মাঠের উভয় জনসভাতেই সাধারণ মানুষের ঢল নামবে। আমরা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে এই কর্মসূচি সফল করতে প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করছি।”
১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ফরিদপুরের সবকটি আসনেই প্রার্থীদের তোড়জোড় তুঙ্গে। জামায়াত আমিরের সফরকে কেন্দ্র করে ফরিদপুর শহরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। দলীয় স্বেচ্ছাসেবকদের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সতর্ক অবস্থানে রয়েছে।
ঢাকা/তামিম/ফিরোজ