লক্ষ্মীপুর-৩: জামায়াত প্রার্থীকে সতর্ক করলো ইসি
লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
লক্ষ্মীপুর-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ড. রেজাউল করিম।
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে লক্ষ্মীপুর-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ড. রেজাউল করিমকে লিখিতভাবে সতর্ক করেছে নির্বাচন কমিশন (ইসি)।
গত ৬ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব (আইন-১) মোহাম্মদ দিদার হোসাইন স্বাক্ষরিক চিঠিতে এই সতর্কবার্তা দেওয়া হয়েছে।
চিঠিতে বলা হয়, ৯ জানুয়ারি লক্ষ্মীপুর-৩ আসনের ৮ নম্বর ওয়ার্ডের একাডেমিক রোড এলাকায় মাহফুজা খাতুন (৮৫) নামে এক নারীকে নগদ অর্থ প্রদান ও ঘর নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে জামায়াতের প্রার্থী রেজাউল করিম দাড়িপাল্লা প্রতীকে ভোট চান। এ ঘটনায় একই আসনে বিএনপির প্রার্থীর প্রধান নির্বাচন সমন্বয়ক ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি সংশ্লিষ্ট ‘ইলেক্টোরাল ইনকোয়ারি অ্যান্ড এডজুডিকেশন কমিটি’ কাছে লিখিত অভিযোগ দেন। পরবর্তীতে তদন্ত কমিটি অভিযোগের প্রাথমিক সত্যতা পায় এবং ২৭ জানুয়ারি নির্বাচন কমিশনে প্রতিবেদন জমা দেয়।
চিঠিতে বলা হয়েছে, এ ধরনের কর্মকাণ্ড জাতীয় সংসদ নির্বাচন আচরণবিধিমালা এবং গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), ১৯৭২-এর সরাসরি লঙ্ঘন হিসেবে বিবেচিত।
চিঠিতে সতর্ক করে উল্লেখ করা হয়, ভবিষ্যতে এ ধরনের অনিয়ম ও আচরণবিধি বহির্ভূত কার্যক্রম থেকে বিরত থাকতে হবে। অন্যথায় সংশ্লিষ্ট আইনে জরিমানা, প্রার্থিতা বাতিলসহ কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।
নির্বাচন কমিশন জানিয়েছে, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে টাকা বিতরণসহ যেকোনো ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রাখা হবে।
ঢাকা/জাহাঙ্গীর/মাসুদ