ঢাকা     মঙ্গলবার   ১০ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কক্সবাজারে সেনাবাহিনী কঠোর অবস্থানে, নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৩, ১০ ফেব্রুয়ারি ২০২৬  
কক্সবাজারে সেনাবাহিনী কঠোর অবস্থানে, নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান

কক্সবাজারে প্রেস ব্রিফিং এবং মতবিনিময় সভা করে সেনাবাহিনী।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কক্সবাজারসহ দক্ষিণ চট্টগ্রামে নাশকতা ও সহিংসতা রোধে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনী কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। বিশেষ করে রোহিঙ্গাদের ব্যবহার করে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি ঠেকাতে নির্বাচনকালীন ক্যাম্পগুলোর বাইরে যাতায়ত বন্ধ ও সার্বিক গতিবিধি কঠোরভাবে নজরদারিতে রাখা হয়েছে। 

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে সেনাবাহিনীর রামু ১০ পদাতিক ডিভিশনের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলন ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ সব তথ্য জানান লেফটেন্যান্ট কর্নেল তানভীর আহমেদ।

আরো পড়ুন:

লেফটেন্যান্ট কর্নেল তানভীর আহমেদ জানান, ভোটগ্রহণের আগে, ভোটের দিন এবং ভোট-পরবর্তী সময়সহ পুরো নির্বাচনকালীন রোহিঙ্গা ক্যাম্প থেকে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়, সেই লক্ষ্যে কাঁটাতারের বেড়া মেরামত, চেকপোস্ট স্থাপন, নিয়মিত টহল জোরদার ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

তিনি বলেন, কক্সবাজারের চারটি সংসদীয় আসনের দুর্গম ভোটকেন্দ্রগুলোতেও সেনাবাহিনীর স্ট্রাইকিং ফোর্স মোতায়েন থাকবে। কোনো ভোটকেন্দ্রের ভেতরে বা বাইরে অনিয়ম কিংবা সংঘাতের আশঙ্কা দেখা দিলে পুলিশ, র‍্যাব ও বিজিবিসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে সরাসরি পরিস্থিতি নিয়ন্ত্রণে নেবে সেনাবাহিনী। নির্বাচনে কোনো অশুভ শক্তি সহিংসতা সৃষ্টি করার সুযোগ পাবে না।

এ সময় তিনি ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।
মতবিনিময় সভার আগে সংবাদ সম্মেলনে গত কয়েক দিনে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনীর পরিচালিত অভিযানের বিস্তারিত তুলে ধরেন লেফটেন্যান্ট কর্নেল সুতফা জামান।

তিনি জানান, গত ৩ থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত কক্সবাজার ও দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন এলাকায় যৌথবাহিনী ৪৬টি অভিযান পরিচালনা করেছে। এ সব অভিযানে ৬টি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ দেশীয় ধারালো অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। একই সঙ্গে আলোচিত হত্যা মামলার আসামিসহ ক্যাম্পের বাইরে অবৈধভাবে বসবাসকারী ১ হাজার ১৪৯ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে।

ঢাকা/তারেকুর/বকুল

সর্বশেষ

পাঠকপ্রিয়