ঝিনাইদহে দাঁড়িপাল্লা ও ধানের শীষের এজেন্ট স্বাক্ষরিত ২৩ রেজাল্ট শিট জব্দ
ঝিনাইদহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ঝিনাইদহ-৪ আসনে ভোটকেন্দ্র থেকে উদ্ধার জামায়াত ও বিএনপির প্রার্থীর এজেন্টের সই করা রেজাল্ট শিট।
ঝিনাইদহ-৪ আসনে (কালীগঞ্জ ও সদর উপজেলার আংশিক) একটি ভোটকেন্দ্র থেকে দাঁড়িপাল্লা ও ধানের শীষ প্রতীকের এজেন্টের স্বাক্ষর করা ২৩টি রেজাল্ট শিট উদ্ধার করা হয়েছে। পোলিং এজেন্ট হিসেবে স্বাক্ষর করেছেন জিল্লুর রহমান ও ওমর ফারুক।
বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে কালীগঞ্জ পৌরসভার ৫ নম্বর কেন্দ্র সলিমুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্র থেকে এসব রেজাল্ট শিট জব্দ করা হয়।
এ কেন্দ্রে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী জেসমিন আরা। রেজাল্ট শিট জব্দের পর কেন্দ্র পরিদর্শন করেছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সেলিম রেজা এবং সহকারী রিটার্নিং অফিসার রিজওয়ানা নাহিদ। এই কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ২৩৪ জন।
প্রিজাইডিং অফিসার জেসমিন আরা বলেন, “জিল্লুর রহমান ধানের শীষ প্রতীকের ও ওমর ফারুক দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্ট।” এর বেশি কথা বলতে রাজি হননি।
ঝিনাইদহ-৪ আসনে জামায়াত মনোনীত প্রার্থীর নির্বাচনি কার্যক্রমের পরিচালক ওলিউর রহমান নিশ্চিত করেছেন যে, ওমর ফারুক দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্ট।
এ বিষয়ে জানতে বিএনপি মনোনীত প্রার্থী রাশেদ খানকে মোবাইল ফোনে কল করা হলে তিনি তা রিসিভ করেননি।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সেলিম রেজা জানিয়েছেন, ২৩টি রেজাল্ট শিট জব্দ করা হয়েছে। সেগুলো ছিঁড়ে ফেলা হয়েছে। নতুন রেজাল্ট শিট তৈরি করতে বলা হয়েছে। প্রিজাইডিং অফিসারকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
ঢাকা/সোহাগ/রফিক