ঢাকা     বৃহস্পতিবার   ১২ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভোট দিয়ে ফেরার পথে দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত ইউপি সদস্য

বরগুনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৬, ১২ ফেব্রুয়ারি ২০২৬  
ভোট দিয়ে ফেরার পথে দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত ইউপি সদস্য

বরগুনা-১ আসনের তালতলীতে ভোট দিয়ে বাড়ি ফেরার পথে ইউপি সদস্য আলী আহম্মদ ফরাজীকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্ত। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে ভোট দিয়ে ফেরার পথে পাজরাভাঙ্গা এলাকায় তিনি হামলার শিকার হন। 

স্থানীয়রা জানান, উপজেলার বড়বগী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আলী আহম্মদ ফরাজী ১৮০ নম্বর  কাজিরখাল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন।  ভোট দিয়ে তিনি মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। এ সময় পাজরাভাঙ্গা এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তার গাড়ি থামিয়ে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালিয়ে কুপিয়ে জখম করে। 

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেয়। এরপর উন্নত চিকিৎসার প্রয়োজনে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মো. রাকিবুল বলেন, ‘‘রোগীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে বরিশালে রেফার করা হয়েছে।’’

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুর রহমান বলেন, ‘‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। ভোটকেন্দ্র থেকে দূরে এ ঘটনা ঘটেছে। এখনো ঘটনার কারণ জানা যায়নি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’’

ঢাকা/ইমরান//

সর্বশেষ

পাঠকপ্রিয়