ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সিলেটে জয়ী-পরাজিত প্রার্থীদের কোলাকুলি ও মিষ্টিমুখ

সিলেট প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৬, ১৩ ফেব্রুয়ারি ২০২৬  
সিলেটে জয়ী-পরাজিত প্রার্থীদের কোলাকুলি ও মিষ্টিমুখ

সিলেটে জয়ী-পরাজিত প্রার্থীদের কোলাকুলি ও মিষ্টিমুখত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল ঘোষণার পর সিলেটে দেখা গেল ভিন্ন এক রাজনৈতিক চিত্র। ভোটের লড়াই শেষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা একে অপরের বাসায় গিয়ে শুভেচ্ছা বিনিময় করেছেন, কোলাকুলি করেছেন, মিষ্টিমুখ করিয়েছেন। স্থানীয়রা একে রাজনৈতিক সম্প্রীতির ইতিবাচক উদাহরণ হিসেবে দেখছেন।

শুক্রবার জুমার নামাজের পর সিলেট-১ (সিটি করপোরেশন–সদর উপজেলা) আসনের পরাজিত প্রার্থী জামায়াতের মাওলানা হাবিবুর রহমানের বাসায় যান বিজয়ী প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদীর। ভোরে ঘোষিত ফলাফলে প্রায় ৪০ হাজার ভোটের ব্যবধানে জয় পান মুক্তাদীর।

আরো পড়ুন:

দুপুরে সিলেট মহানগর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে সঙ্গে নিয়ে হাবিবুর রহমানের বাসায় পৌঁছান তিনি। বাসার নিচে নেমে মুক্তাদীরকে স্বাগত জানান হাবিবুর রহমান। এ সময় দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী কোলাকুলি করেন। পরে বাসার ভেতরে ফুল দিয়ে অভিনন্দন জানান হাবিবুর রহমান এবং একে অপরকে মিষ্টিমুখ করান। মুক্তাদীরের জন্য দোয়া করেন হাবিবুর রহমান; উপস্থিত নেতাকর্মীরাও তাতে অংশ নেন।

হাবিবুর রহমান বলেন, সিলেট সম্প্রীতির শহর। এখানে সবাই মিলেমিশে বসবাস করে। নির্বাচনী প্রচারণাতেও তিনি ব্যক্তিগত আক্রমণ থেকে বিরত ছিলেন বলে উল্লেখ করেন। তিনি আশা প্রকাশ করেন, বিজয়ী প্রার্থী সিলেটের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন।

খন্দকার মুক্তাদীর বলেন, “রাজনৈতিক মতভেদ থাকলেও সিলেট ও দেশের স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।” তিনি সবার সহযোগিতা কামনা করেছেন।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে সুনামগঞ্জ-২ (দিরাই–শাল্লা) আসনেও একই চিত্র দেখা যায়। বিএনপির বিজয়ী প্রার্থী মো. নাছির চৌধুরীর বাসায় ফুল নিয়ে যান জামায়াতের পরাজিত প্রার্থী মোহাম্মদ শিশির মনির। ফলাফলে নাছির চৌধুরী ৯৯ হাজার ৫২২ ভোট পেয়ে নির্বাচিত হন; শিশির মনির পান ৬৩ হাজার ২২০ ভোট। সাক্ষাতে শিশির মনির শুভেচ্ছা জানান এবং মিষ্টিমুখ করান।

ভোটের দিনও সম্প্রীতির এমন দৃশ্য দেখা গেছে সিলেট-৪ (জৈন্তাপুর–গোয়াইনঘাট–কোম্পানীগঞ্জ) আসনে। ভোটকেন্দ্র পরিদর্শনে যাওয়ার পথে বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী ও জামায়াতের প্রার্থী জয়নাল আবেদিন সড়কে মুখোমুখি হলে গাড়ি থামিয়ে কোলাকুলি করেন এবং কিছুক্ষণ খোশগল্প করেন। ঘোষিত ফলাফলে এ আসনে আরিফুল হক চৌধুরী ১ লাখ ৮৬ হাজার ৮৪৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জয়নাল আবেদিন পান ৭১ হাজার ৩৯১ ভোট।

সিলেট বিভাগের ১৯টি আসনের মধ্যে ১৮টিতে জয় পেয়েছে বিএনপি। একটি আসনে জয় পেয়েছেন জামায়াত জোটভুক্ত খেলাফত মজলিসের প্রার্থী আবুল হাসান।
 

ঢাকা/রাহাত/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়