বিএনপিতে ফিরে যেতেই স্বতন্ত্র হয়ে নির্বাচন করেছি: হান্নান
চাঁদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে বিজয়ী এম এ হান্নান জানিয়েছেন, তিনি বিএনপিতে ফিরে যেতেই স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করেছেন।
১৩ ফেব্রুয়ারি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।
এম এ হান্নান বলেন, “আমি বিএনপিতে ফিরে যেতেই স্বতন্ত্র হয়ে নির্বাচন করেছি। নয়তোবা অন্য দল থেকেও নির্বাচন করার অফার পেয়েছি। তবে আমি তা প্রত্যাখান করেছি। আমি দলের লোক। দলে ফিরে যেতেই আমি কোন প্রলোভনে পড়িনি ও একক নির্বাচন করেছি। জনগণ আমার প্রতি আস্থা রাখায় চিরকৃতজ্ঞতা জানাচ্ছি এবং তাদের সে আস্থা ধরে রেখে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করছি।”
তিনি বলেন, “এলাকার রাস্তাঘাটের উন্নয়ন করায় জোর দিব। আর মাদক ব্যবসায়ী ও চিহ্নিত চাঁদাবাজ নির্মূলে কাজ করব। গত ৩০ বছর বিএনপি করে দল থেকে দুবার নির্বাচন করতে গিয়েও পারিনি। এবারও করতে চেয়ে পারিনি। পরে ভোটার ও কর্মী সমর্থকদের অনুরোধে স্বতন্ত্র পদে প্রার্থীতা করে জয়ী হলাম। আর আমি ঘোষণা দিয়েছি এটিই আমার শেষ নির্বাচন, আর করব না।”
এম এ হান্নান বলেন, “আমরা মানুষ। ক্রোধ আছে। ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে। হিংসা বিবাদ করে। এমন যেকোনো কারণেই মামলা হয়, ওয়ারেন্ট হয়। আমাদের লোকজন ঘরে ঘুমাবে। ওয়ারেন্ট হলে ওয়ারেন্ট জমা দিয়ে যাবে। পরবর্তীতে তারা আদালতে আত্মসমর্পণ করবে। কিন্তু রাতে এসে আসামি ধরার নিয়ম কোনো সভ্য দেশে নেই। তাই এই বিষয়টা নিয়ে আমি আইন-শৃঙ্খলা বাহিনীকে সাথে নিয়ে তাদের সাহায্যেই কাজ করব।”
উল্লেখ্য, চাঁদপুর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী চিংড়ি প্রতীকের মো. আব্দুল হান্নান ৭৪ হাজার ১৭৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এই আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মো. হারুনুর রশিদ পেয়েছেন ৬৯ হাজার ১৫৫ভোট।
অমরেশ/শাহেদ