রাজশাহীতে নামাজ পড়তে যাওয়ার পথে গুলিতে নিহত দিনমজুর
রাজশাহী সংবাদদাতা || রাইজিংবিডি.কম
শনিবার রাতে রাজশাহী মহানগরের খোঁজাপুর গোরস্থান এলাকায় দিনমজুর গোলাম মোস্তফাকে হত্যার স্থানে পাওয়া যায় গুলি ও খোসা।
রাজশাহীতে এশার নামাজ আদায়ের জন্য মসজিদে যাওয়ার পথে দুর্বৃত্তের গুলিতে একজন দিনমজুর নিহত হয়েছেন।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে রাজশাহী মহানগরের খোঁজাপুর গোরস্থান এলাকার ঘটনা এটি।
নিহত দিনমজুরের নাম গোলাম মোস্তফা, বয়স ৫০ বছরের মতো। তিনি ডাঁশমারী এলাকার তৈমুর উদ্দিনের ছেলে।
গুলিবিদ্ধ হওয়ার পর মোস্তফাকে স্থানীয়রা তুলে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান। দেখেশুনে দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
মোস্তফার নিহত হওয়ার তথ্যটি রামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এসআই একরামউজ্জামানের কাছ থেকে যাচাই করা হয়েছে।
তবে এই হত্যাকাণ্ডের সঙ্গে নির্বাচন-পরবর্তী অবস্থার কোনো সম্পর্ক আছে কিনা, তা জানা যায়নি।
এসআই একরামউজ্জামান বলেন, গোলাম মোস্তফাকে হাসপাতালে নিয়ে আসার আগে তিনি মারা যান। তার ডান পায়ে গুলি লেগেছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। মৃতদেহ হাসপাতালে আছে। তার স্বজনরাও আছেন।
মতিহার থানার ওসি আবুল কালাম আজাদ জানান, মোস্তফা এশার নামাজ পড়তে মসজিদে যাচ্ছিলেন। তখন তাকে লক্ষ্য করে গুলি করা হয়। কে বা কারা কেন এই ঘটনা ঘটিয়েছে, তা বোঝা যাচ্ছে না। ঘটনাস্থলে একটি তাজা গুলি ও একটি খোসা পাওয়া গেছে।
মোস্তফা কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না বলে জানতে পেরেছেন ওসি আজাদ। একটি ময়দার মিলে দিনমজুরি হিসেবে কাজ করতে তিনি।
ঘটনাস্থল পরিদর্শন করে এই হত্যাকাণ্ডের তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছেন মতিহারের ওসি। নির্বাচনের সঙ্গে এই ঘটনার কোনো সংশ্লিষ্টতার কথা তারও জানা নেই।
ঢাকা/মাহী/রাসেল