ঢাকা     রোববার   ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আড়াইহাজারে ডোবা শুকিয়ে পিস্তল উদ্ধার করল পুলিশ

নারায়ণগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৬, ১৫ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৪:৪৯, ১৫ ফেব্রুয়ারি ২০২৬
আড়াইহাজারে ডোবা শুকিয়ে পিস্তল উদ্ধার করল পুলিশ

উদ্ধার হওয়া পিস্তল ও গুলি।

নারায়ণগঞ্জের আড়াইহাজারে গণপিটুনির শিকার দুই যুবকের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি ডোবা থেকে পিস্তল উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে ফায়ার সার্ভিসের সহায়তায় অস্ত্রটি উদ্ধার করে তারা। শনিবার ছিনতাই চেষ্টার অভিযোগে আটকের পর ওই দুই যুবককে গণপিটুনি দেয় স্থানীয় বাসিন্দারা। 

আহতরা হলেন- কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার রাজাকান্দা গ্রামের জাহাঙ্গীরের ছেলে রাব্বি ও সাব্বির।

আরো পড়ুন:

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে গাউছিয়া-আড়াইহাজার সড়কের বাজবী তাতিবাড়ী এলাকায় এক রিকশাচালককে অস্ত্রের ভয় দেখিয়ে ৮০০ টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন দুই যুবক। রিকশাচালকের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের আটক করে গণপিটুনি দেয়। 

প্রত্যক্ষদর্শীরা জানান, গণপিটুনির সময় অভিযুক্তরা তাদের সঙ্গে থাকা একটি পিস্তল স্থানীয় করিম নামের এক ব্যক্তির বাড়ির পেছনের ডোবায় ফেলে দেন।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী ভাড়া বাসায় অভিযান চালিয়ে চার রাউন্ড পিস্তলের গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

তিনি জানান, ফেলে দেওয়া পিস্তল উদ্ধারে ফায়ার সার্ভিসের সহায়তায় ডোবার পানি শুকানো হয়। আজ সকাল ৯টার দিকে পুলিশ ও ফায়ার সার্ভিসের যৌথ প্রচেষ্টায় ডোবা থেকে পিস্তলটি উদ্ধার হয়। আটক দুইজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ঢাকা/অনিক/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়