নড়াইল-২: বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ
নড়াইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম
নড়াইল-২ আসনের বিলডুমুরতলা এলাকায় হবখালী ইউনিয়নে বিএনপির সভাপতি হুমায়ূন মোল্যার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে এ অগ্নিসংযোগ ঘটে।
ভুক্তভোগী বিএনপি নেতা হুমায়ূন মোল্যার পরিবারের সদস্যরা জানান, রাত ২টার দিকে বিকট শব্দে তাদের ঘুম ভাঙে। পরে ঘরের ভেতরে আগুন জ্বলতে দেখেন। আগুনে ধান, রবি শস্য ও বিভিন্ন আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। তবে ঘটনার সময় ঘরে কোনো লোক ছিল না।
পরিবারের সদস্যদের দাবি, দ্বাদশ সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে জেলা বিএনপির বহিষ্কৃত সাধারণ সম্পাদক ও ‘কলস’ প্রতীকের প্রার্থী আলহাজ মনিরুল ইসলামের পক্ষে কাজ করায় বিএনপি প্রার্থীর সমর্থকরা তাদের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দিয়েছে।
তবে, অভিযোগ অস্বীকার করেছেন ‘ধানের শীষ’ প্রতীকের সমর্থক ও হবখালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রিয়াজুল ইসলাম টিংকু।
তিনি বলেন, “বিএনপির বিদ্রোহী প্রার্থীর সমর্থকরাই পরিকল্পিতভাবে আগুন দিয়ে তাদের ওপর দোষ চাপানোর চেষ্টা করছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন।
নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওলি মিয়া মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে বলেন, “আগুনের ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ঢাকা/শরিফুল/জান্নাত