কুষ্টিয়ায় তালাবদ্ধ ঘরে মিলল অর্ধগলিত মরদেহ
কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
কুষ্টিয়ার দৌলতপুরে একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে উজ্জ্বল হোসেন (৩৫) নামে ট্রাকচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার খলিশাকুন্ডি বাজার এলাকার একটি বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার হয়।
মারা যাওয়া উজ্জ্বল হোসেন মেহেরপুর জেলার গাংনী উপজেলার বাওট গ্রামের ইমাম হোসেনের ছেলে। তিনি প্রায় দেড় বছর ধরে খলিশাকুন্ডি বাজারে আসাদুল ইসলামের বাড়ির দ্বিতীয় তলায় ভাড়া থাকতেন।
স্থানীয় সূত্র জানায়, উজ্জ্বল হোসেন ওই বাড়িতে একাই বসবাস করতেন। মাঝে মধ্যে তার ট্রাকের হেলপাররা সেখানে আসতেন।
বাড়ির মালিকের ছেলে কলিংস জানান, চলতি মাসের ১০ তারিখে উজ্জ্বলের সঙ্গে তার শেষ কথা হয়েছিল। সে সময় তিনি ৩ হাজার টাকা ভাড়ার বকেয়া পরিশোধ করেন।
এরপর গত কয়েকদিন ধরে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। মঙ্গলবার বিকেলে ওই কক্ষ থেকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে সন্দেহ হয়। বিষয়টি তাৎক্ষণিক পুলিশকে জানানো হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কক্ষের তালা ভেঙে বিছানার ওপর লেপ দিয়ে মোড়ানো অবস্থায় উজ্জ্বলের মরদেহ উদ্ধার করে।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান জানান, “বাড়ির মালিকের দেওয়া তথ্যের ভিত্তিতে আমরা ঘটনাস্থলে এসে কক্ষের তালা ভেঙে মরদেহটি উদ্ধার করি। ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগেই তার মৃত্যু হয়েছে। ময়না তদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এটি হত্যাকাণ্ড কি না তা খতিয়ে দেখা হচ্ছে।”
ঢাকা/কাঞ্চন/মাসুদ