রমজানে বেশিরভাগ সময় বিদ্যুৎ থাকবে: বিদ্যুৎমন্ত্রী
সিরাজগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
রমজান মাসে বেশিরভাগ সময় বিদ্যুৎ সরবরাহ ভালো থাকবে বলে আশ্বস্ত করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
তিনি বলেছেন, “আমি চেষ্টা করছি নিরবচ্ছিন্ন (বিদ্যুৎ) দেওয়ার জন্য। এটা তো টেকনিক্যাল জিনিস, দু-একটা ফল্ট হতে পারে, তাতে বিদ্যুৎ যেতে পারে। তবে, রোজার বেশিরভাগ সময় বিদ্যুৎ ভালো থাকবে।”
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সিরাজগঞ্জে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বিদ্যুৎমন্ত্রী বলেন, “সামনে কৃষি মৌসুম, আবার গ্রীষ্মকাল, এটাকে ট্যাকেল দেওয়া এটা খুব কঠিন, কিন্তু আমি চেষ্টা করব প্রাণপণে যা আছে তাই দিয়ে এটাকে ভালোভাবে চালানোর জন্য।”
তিনি আরো বলেন, “আওয়ামী লীগ সরকার যে পরিমাণ বকেয়া রেখে গেছে, তারপরে যে পরিমাণ জ্বালানি আমদানি করতে হবে, সব মিলিয়ে কঠিন একটা অগ্নিপরীক্ষা আমার জন্য। আমি চেষ্টা করছি কীভাবে এটা ম্যানেজ করে জনগণকে সুফল দেওয়া যায়।”
এর আগে, জেলা পুলিশের পক্ষ থেকে মন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ বিএনপি নেতাকর্মীরা ইকবাল হাসান মাহমুদ টুকুকে ফুলেল শুভেচ্ছা জানান।
ঢাকা/রাসেল/রাজীব