বাংলাকে মায়ের ভাষা বলতে হলে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না: জ্বালানিমন্ত্রী
সিরাজগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, “বাংলাকে যদি ধারণ করতে হয়, বাংলা ভাষাকে যদি মায়ের ভাষা বলতে হয়, তাহলে ‘ইনকিলাব জিন্দাবাদ’ বলা চলবে না।”
শনিবার (২১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে আয়োজিত আলোচনা সভা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ইকবাল হাসান টুকু বলেন, “বাংলাকে যদি ধারণ করতে হয়, বাংলা ভাষাকে যদি মায়ের ভাষা বলতে হয়, তাহলে ইনকিলাব জিন্দাবাদ চলবে না। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব মঞ্চ—বাংলার সঙ্গে এগুলোর কোনো সম্পর্ক নেই। যারা আমাদের ভাষা কেড়ে নিতে চেয়েছিল, এগুলো তাদের ভাষা।”
বাঙলা ভাষাকে পৃথিবীর বুকে আরো মর্যাদাপূর্ণ অবস্থানে পৌঁছে দিতে তরুণ সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী।
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, “মাতৃভাষার যথাযথ চর্চা ও গবেষণার মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাঙলার অবস্থান আরো শক্তিশালী করা সম্ভব।”
তিনি বলেন, “বাঙলা ভাষা আমাদের গৌরব ও আত্মপরিচয়ের প্রতীক। একুশের চেতনা ধারণ করে নতুন প্রজন্মকে সাহিত্য, সংস্কৃতি ও প্রযুক্তির বিভিন্ন ক্ষেত্রে বাংলার ব্যবহার বাড়াতে হবে। বিশেষ করে, সামাজিক যোগাযোগ মাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্মে শুদ্ধ ভাষা চর্চা করতে হবে।”
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, “তরুণরা যদি প্রযুক্তিনির্ভর উদ্যোগে বাংলা ভাষায় অ্যাপ, ওয়েবসাইট, গবেষণামূলক কাজ ও সৃজনশীল কনটেন্ট তৈরি করে, তবে বিশ্বমঞ্চে বাঙলার মর্যাদা আরও বৃদ্ধি পাবে।” শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ভাষা গবেষণা ও সৃজনশীল লেখালেখির পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন— সিরাজগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ করুণা রানী সাহা, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক কামরুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু প্রমুখ। এ সময় সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ঢাকা/অদিত্য/রফিক