পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ভিডিও ভাইরাল, আটক ৩
শরীয়তপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
শরীয়তপুরের নড়িয়ায় পদ্মা নদীতে বালুবাহী নৌযান থেকে চাঁদা আদায়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন—নড়িয়া পৌরসভার ঢালীপাড়া এলাকার সাত্তার বেপারীর ছেলে সোহাগ বেপারী (৩৮), কানারগাঁও এলাকার মন্টু হাওলাদারের ছেলে রাকিব হাওলাদার (২৩) এবং জাজিরা উপজেলার আমির মল্লিকের কান্দি এলাকার খোকন মল্লিকের ছেলে আরিফ মল্লিক ওরফে সানজিম (২১)।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, কয়েকদিন ধরে নড়িয়ায় পদ্মা নদীতে চলাচলরত বালুবাহী বাল্কহেড থেকে চাঁদা আদায় করে আসছিল একটি সংঘবদ্ধ চক্র। শুক্রবার দুপুরে চাঁদাবাজির একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, একটি ট্রলারে করে কয়েকজন ব্যক্তি নদীতে চলাচলরত একটি বাল্কহেডে উঠে চাঁদা আদায় করছেন। নদীর তীর থেকে এক ব্যক্তি মুঠোফোনে ঘটনাটি ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন।
ভিডিওটি নজরে আসার পর নড়িয়া থানা পুলিশ রাতভর পদ্মা নদীতে অভিযান চালায়। শনিবার ভোরে অভিযানের সময় ট্রলারে থাকা রাকিব হাওলাদার ও আরিফ মল্লিককে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সোহাগ বেপারীকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে বাল্কহেড থেকে চাঁদা আদায়ের কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
নড়িয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুকান্ত দত্ত বলেছেন, “চাঁদাবাজির ঘটনায় তিনজনকে আটক করে ২০০২ সালের আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। এ চক্রের সঙ্গে আরো কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।”
শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরণ বলেছেন, “চাঁদাবাজি ও সন্ত্রাস দমনে আমি সর্বদা প্রস্তুত। কেউ দলের পরিচয় ব্যবহার করে চাঁদাবাজিতে জড়িত থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। দায়িত্ব নেওয়ার পর থেকেই সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে।”
মাদকবিরোধী অবস্থান তুলে ধরে তিনি জানান, কোনো মাদক ব্যবসায়ীকে প্রমাণসহ ধরিয়ে দিতে পারলে তথ্যদাতাকে ১ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে।
ঢাকা/আকাশ/রফিক