পাকিস্তান-নিউ জিল্যান্ড ম্যাচে বৃষ্টির হানা
ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের প্রথম ম্যাচেই বৃষ্টির হানা। নিউ জিল্যান্ড ও পাকিস্তান গুরুত্বপূর্ণ ম্যাচে কলম্বোর প্রেমাদাসায় মাঠে নামার কথা। কিন্তু বৃষ্টির দাপটে ম্যাচ এখন পর্যন্ত শুরু হয়নি। ম্যাচের দুই ঘণ্টা পেরিয়ে গেছে।
কেবল টস হয়েছে। পাকিস্তান অধিনায়ক সালমান আগা টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। এরপর আবার বৃষ্টির হানা। পুরো মাঠ কাভার দিয়ে ঢেকে রাখা হয়েছে।
বৃষ্টির পূর্বাভাস আগের থেকেই ছিল। দুই দলের মাথায়ও ছিল বৃষ্টির ভাবনা। সেভাবেই প্রস্তুতি রেখেছিলেন তারা। কিন্তু ম্যাচে এখনও একটি বলও মাঠে গড়ায়নি।
এখন স্থানীয় সময় ৯টা ১০ মিনিট। বৃষ্টি থামার পর ৫ ওভার পর্যন্ত খেলা চালাতে পারেন আম্পায়াররা। এজন্য স্থানীয় সময় ১০টা ১৬ পর্যন্ত অপেক্ষা করবেন অফিসিয়ালরা। কিন্তু আশার কোনো খবর নেই। প্রেমাসাদার আকাশের মন খারাপ। বৃষ্টি ঝরছেই।
২০ দলের বিশ্বকাপ নেমে এসেছে সুপার এইটে। সুপার এইটে রয়েছে দুটি গ্রুপ। গ্রুপ ওয়ানে আছে ভারত, জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা। আর গ্রুপ টুতে আছে পাকিস্তান, শ্রীলঙ্কা, নিউ জিল্যান্ড ও ইংল্যান্ড। গ্রুপ টু-কেই ‘গ্রুপ অব ডেথ’ বলা যেতে পারে।
পাকিস্তান ও নিউ জিল্যান্ডের ম্যাচ বৃষ্টিতে পণ্ড হলে পয়েন্ট ভাগাভাগি করবে দুই দল।
ঢাকা/ইয়াসিন