দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক
গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
দুই বছর ধরে অনলাইনে জুয়া খেলে ১০ লাখ টাকা ঋণগ্রস্ত হয়ে পড়েছেন গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার যুবক রাশেদ দাড়িয়া (৩৫)। এ নিয়ে হতাশায় ভুগছেন তিনি। পরিবারের পরামর্শে কাজের জন্য কয়েক দিনের মধ্যেই যাবেন সৌদি আরবে। দেশ ছাড়ার আগে এক মণ দুধ দিয়ে গোসল করে জুয়া খেলা ছাড়ার ঘোষণা দিয়েছেন রাশেদ। তার দুধ দিয়ে গোসল করার ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে।
গতকাল শুক্রবার (২০ ফেব্রুয়ারি) নিজ বাড়িতে দুধ দিয়ে গোসল করে জুমার নামাজ পড়তে যান রাশেদ দাড়িয়া। তিনি কোটালীপাড়া পৌরসভার ঘাঘরকান্দা গ্রামের হাচেন দাড়িয়ার ছেলে। রাশেদ জুয়া খেলা ছেড়ে দেওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন এলাকাবাসী।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, অ্যালুমিনিয়ামের একটি বড় ডেকচির (পাত্র) মধ্যে রাখা হয়েছে এক মণ দুধ। দুধ রাখা সেই পাত্রের মধ্যে বসেন রাশেদ। রাশেদের মা একটি মগ দিয়ে তার মাথায় দুধ ঢেলে গোসল করিয়ে দেন। এ দৃশ্য রাশেদ তার মোবাইল ফোনে ধারণ করে নিজের ফেসবুকে পোস্ট করলে তা ভাইরাল হয়ে যায়।
রাশেদ দাড়িয়া বলেছেন, “আমি দুই বছর ধরে অনলাইনে জুয়া খেলি। জুয়া খেলায় এ পর্যন্ত প্রায় ১০ লক্ষ টাকা দেনা হয়েছে। এ কারণে দীর্ঘদিন ধরে হতাশায় ভুগছিলাম। পরিবারের লোকজনের পরামর্শে আমি কাজের জন্য কয়েক দিনের মধ্যে সৌদি আরবে যাচ্ছি। যাওয়ার আগে দুধ দিয়ে গোসল করে জুয়া খেলা ছাড়ার ঘোষণা দিয়েছি।”
তিনি বলেন, “আমি যুবক ভাইদের অনুরোধ করব, আপনারা এই সর্বনাশা জুয়া কেউ খেলবেন না। এই জুয়া খেলায় কেউই লাভবান হতে পারে না। সবাই ধ্বংস হয়। আপনারা যারা জুয়া খেলেন, তারা এ পথ থেকে ফিরে আসুন।”
রাশেদের প্রতিবেশী জলিল গাজী বলেন, “রাশেদ জুয়া খেলে অনেক টাকা ঋণগ্রস্ত হয়ে হতাশায় ভুগছিল। জুয়া খেলা ছেড়ে দিয়ে সে সৌদি আরবে যাচ্ছে। আমরা তার মঙ্গল কামনা করছি।”
ঢাকা/বাদল/রফিক