ইফতারে বাড়ি ফেরা হলো না ইমনের
নড়াইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ইমন মোল্যা
নড়াইলে ইফতার করতে বাড়ি ফেরার পথে নসিমন উল্টে ইমন মোল্যা (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার হবখালী ইউনিয়নের হাড়িগড়া বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনার শিকার হন তিনি। ইমন নয়াবাড়ি গ্রামের আমিনুর মোল্যার ছেলে।
স্থানীয়রা জানান, ইমন বিলে থাকা নিজের ধান ক্ষেতে সেচ দিতে যান। কাজ শেষে ইফতারের জন্য নসিমন চালিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। হাড়িগড়া বাসস্ট্যান্ডে মোড় ঘোরার সময় নসিমনটি উল্টে যায় এবং তিনি সেটির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নড়াইল আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। জরুরি বিভাগের চিকিৎসক ডা. শরীফ মোহাম্মদ হাসান ফেরদৌস ইমনকে মৃত ঘোষণা করেন।
নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওলি মিয়া জানান, যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ঢাকা/শরিফুল/মাসুদ