ঢাকা     মঙ্গলবার   ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ১১ ১৪৩২ || ৬ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

নালিতাবাড়িতে উচ্ছেদ অভিযানে ‘মব’ সৃষ্টির অভিযোগ

শেরপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৩, ২৪ ফেব্রুয়ারি ২০২৬  
নালিতাবাড়িতে উচ্ছেদ অভিযানে ‘মব’ সৃষ্টির অভিযোগ

শেরপুরের নালিতাবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বাধা দেন ব্যবসায়ীরা।

রমজান উপলক্ষে যানবাহন ও মানুষের চলাচল স্বাভাবিক রাখতে শেরপুরের নালিতাবাড়ীতে উচ্ছেদ অভিযানে গিয়ে ব্যবসায়ীদের বাধার কারণে পিছু হটতে হয়েছে উপজেলা প্রশাসনকে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে পৌর শহরে সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান ভ্রাম্যমাণ আদালতে পরিচালনা করলে বাধার সম্মুখীন হন তিনি।

নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন অভিযোগ করেন, অভিযানের সময় সাবেক পৌর মেয়র ভিপি আনোয়ার কয়েকজন ব্যবসায়ীকে নিয়ে মব তৈরি করে খুব উচ্চবাচ্য করেন। 

আরো পড়ুন:

উপজেলা প্রশাসন ও স্থানীয়রা জানান, গত শনিবার সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান এবং থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুজ্জামান নালিতাবাড়ী শহরের প্রধান সড়কের দুইপাশ দখল করে রাখা ব্যবসায়ীদের মালামাল সরিয়ে যানবাহন ও মানুষের চলাচল স্বাভাবিক রাখতে অনুরোধ করেন।

সোমবার বিকেলে শহরের মধ্যবাজার ও কালিবাড়ি এলাকায় প্রধান সড়কে দু’পাশে রাখা ব্যবসায়ীদের মালামাল উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা প্রশাসন। এসময় রাস্তা দখল করে রাখা মালামাল জব্দ করতে গেলে ব্যবসায়ীরা বাধা দেন।

একপর্যায়ে নালিতাবাড়ী পৌরসভার সাবেক মেয়র আনোয়ার হোসেন ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম বন্ধ করার জন্য বলেন। এসময় ব্যবসায়ীরা ভ্রাম্যমাণ আদালতের ওপর এবং ভ্রাম্যমাণ আদালতে আসা স্বেচ্ছাসেবীদের ওপর চড়াও হন। ফলে অভিযান স্থগিত করে ঘটনাস্থল ত্যাগ করতে বাধ্য হন সহকারী কমিশনার।

ব্যবসায়ীদের অভিযোগ, ভ্রাম্যমাণ আদালতের নামে তাদের দোকানপাটের মালামাল জব্দ করা হচ্ছিল। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় স্বেচ্ছাসেবীদের নিয়ে দোকানের মালামাল নিয়ে যাওয়ার অভিযোগও করেন তারা।

নালিতাবাড়ী ইলেক্ট্রিক ব্যবসায়ী সমিতির সভাপতি নজরুল ইসলাম বলেন, “ভ্রাম্যমাণ আদালত করার এখতিয়ার প্রশাসনের আছে। আমরা এর সম্মান জানাই। তবে, অফিসের লোক নয়, এমন স্বেচ্ছাসেবীদের নিয়ে দোকানে প্রবেশ করে মালামাল নিয়ে যাওয়ার এখতিয়ার তাদের নেই।”

নালিতাবাড়ী পৌরসভার সাবেক মেয়র আনোয়ার হোসেন বলেন, “ভ্রাম্যমাণ আদালতের নামে বারবার ব্যবসায়ীদের হয়রানি করা হচ্ছে। ব্যবসায়ীদের মালামাল জব্দ করে নিয়ে যাচ্ছে। ব্যবসায়ীরা আমাকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত ব্যবসায়ীদের নিবৃত্ত করার চেষ্টা করেছি। আমি না গেলে পরিস্থিতি আরো খারাপ হতো।”

নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুজ্জামান বলেন, “রাস্তার ওপর মালামাল না রাখতে গত শনিবার আমরা ব্যবসায়ীদের অনুরোধ করে এসেছি। সোমবার ঘটনা ঘটেছে তা নিয়ে উপজেলা প্রশাসনের পক্ষে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান বলেন, “শনিবার ব্যবসায়ীদের প্রাথমিকভাবে অনুরোধ করে প্রচার করে এসেছি। সোমবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে আমাদের কাজে বাধা প্রদান করা হয় এবং আদালতের ওপর চড়াও হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ আমাদের ওপর মব সৃষ্টি করেছে। এমনকি ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কৈফিয়ত চাওয়া হয়।” 

নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন বলেন, “রমজান উপলক্ষে বাজার মনিটরিং এবং যানজট নিরসনে ফুটপাতে ভাসমান দোকানে অভিযান পরিচালনা করা হয়। রাস্তা সরু, প্রচুর যানযট হয়। সেটা রোধ করার জন্য নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সেখানে সাবেক মেয়র ভিপি আনোয়ার কয়েকজন ব্যবসায়ীকে নিয়ে মব তৈরি করেন এবং খুব উচ্চবাচ্য করেন। মোবাইল কোর্ট পরিচালনায় বাধা প্রদান করেন। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এরাতে এসিল্যান্ড চলে আসেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ঢাকা/তারিকুল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়