নারায়ণগঞ্জে বাসে অতিরিক্ত ভাড়া আদায় করায় জরিমানা
নারায়ণগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
সিদ্ধিরগঞ্জ উপজেলায় শিমরাইল মোড় ও কাঁচপুর এলাকায় বিভিন্ন বাস কাউন্টারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলায় শিমরাইল মোড় ও কাঁচপুর এলাকায় বিভিন্ন বাস কাউন্টারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অতিরিক্ত ভাড়া আদায় করায় দুটি পরিবহনকে ৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিগঞ্জের শিমরাইল মোড় ও কাঁচপুর এলাকায় এ অভিযান চালানো হয়।
র্যাব-১১ কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক এ তথ্য জানান।
র্যাব জানায়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জ থেকে দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াতকারী দূরপাল্লার যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি অর্থ আদায়ের অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে জনমনে অসন্তোষ ও উদ্বেগ তৈরি হলে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগীরা। পরে সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং রোড ও কাঁচপুর এলাকায় বাস কাউন্টারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
র্যাব-১১ কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক জানান, অভিযানে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ পাওয়ায় নীলাচল পরিবহনকে ৪ হাজার ৩০০ টাকা এবং ইকোনো পরিবহনকে ৪ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়।
ঈদযাত্রায় যাত্রীদের ভোগান্তি কমাতে এবং নির্ধারিত ভাড়া নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান র্যাবের এ কর্মকর্তা।
ঢাকা/অনিক/বকুল