ভেঙে পড়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
ঠাকুরগাঁও প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ঠাকুরগাঁওয়ের হাজীপাড়া হাফেজিয়া মাদ্রাসার বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর শুক্রবার দুপুরে উদ্বোধন করেন ফখরুল ইসলাম আলমগীর।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “দীর্ঘদিন ধরে ভেঙে পড়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে আবারো কার্যকর ও প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করছে নতুন সরকার।”
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁওয়ের হাজীপাড়া হাফেজিয়া মাদ্রাসার বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “দীর্ঘদিন ধরে আমরা শুনে আসছিলাম, ফ্যাসিস্ট সরকার রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানকে দুর্বল ও অকার্যকর করে ফেলেছে। নতুন সরকারের সামনে বড় চ্যালেঞ্জ হলো- সেসব প্রতিষ্ঠানকে পুনর্গঠন করা, জবাবদিহিতা নিশ্চিত করা এবং সুশাসনের কাঠামো পুনঃপ্রতিষ্ঠা করা।”
তিনি বলেন, “আমি সব থেকে বেশি ঋণী ঠাকুরগাঁওয়ের মানুষের কাছে। তারা তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে সহযোগিতা করেছেন। তাদের এই আস্থা ও ভালোবাসার প্রতিদান দিতে আমি দায়িত্বশীলভাবে কাজ করতে চাই।”
এ সময় স্থানীয় বিএনপি নেতারা ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
ঢাকা/মঈনুদ্দীন/মাসুদ