ঢাকা     রোববার   ০১ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ১৬ ১৪৩২ || ১২ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বগুড়ায় স্ত্রী-ছেলেসহ বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৪, ১ মার্চ ২০২৬  
বগুড়ায় স্ত্রী-ছেলেসহ বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

আবুল মুনছুর আহম্মেদ পাশা ও তার স্ত্রী শারমিন সুলতানা দীপ্তি

বগুড়ার ধুনটে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি আবুল মুনছুর আহম্মেদ পাশার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা হয়েছে। মামলায় তার স্ত্রী ও ছেলেকেও আসামি করা হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) নাছিমা খাতুন নামে এক নারী বাদী হয়ে ধুনট থানায় মামলা করেন। নাছিমা খাতুন ধুনট উপজেলার সদর ইউনিয়নের উল্লাপাড়া গ্রামের বাসিন্দা চপল মাহমুদের স্ত্রী।

আরো পড়ুন:

মামলার এজাহারে তিনি উল্লেখ করেছেন, তার স্বামীর কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধর করা হয় এবং সঙ্গে থাকা নগদ অর্থ ছিনিয়ে নেওয়া হয়।

মামলার অপর দুই আসামি হলেন- উপজেলা মহিলা দলের সভাপতি ও পাশার স্ত্রী শারমিন সুলতানা দীপ্তি এবং তাদের ছেলে নাফিস ফয়সাল আকাশ।

এজাহার সূত্রে জানা যায়, গত ২৬ ফেব্রুয়ারি রাত আনুমানিক সোয়া ৯টার দিকে ধুনট শহর থেকে বাড়ি ফিরছিলেন চপল মাহমুদ। পথে ধুনট-শেরপুর আঞ্চলিক সড়কের হুকুম আলী বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে আবুল মুনছুর আহম্মেদ পাশা, তার স্ত্রী ও ছেলে তার গতিরোধ করেন। এ সময় তারা এক লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে চপল মাহমুদকে মারধর করা হয় এবং তার ব্যাগে থাকা প্রায় ৪০ হাজার টাকা নিয়ে নেওয়া হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

তবে চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করেছেন ভিপি আবুল মুনছুর আহম্মেদ পাশা। তিনি বলেছেন, “পূর্ব বিরোধের জেরে তার ছেলের সঙ্গে চপল মাহমুদের হাতাহাতির ঘটনা ঘটেছে।”

তিনি দাবি করেন, চপল মাহমুদই প্রথমে তার ছেলেকে মারধর করেছেন। এ ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিকভাবে হয়রানি ও সুনাম নষ্টের উদ্দেশে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে।

ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজ আলম বলেন, “প্রাথমিকভাবে জানা গেছে, দুই পরিবারের বাড়ি পাশাপাশি এবং ক্যারাম খেলা নিয়ে তরুণদের মধ্যে বিরোধের জেরে হাতাহাতি হয়েছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে। এ মামলায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।”

ঢাকা/এনাম/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়