লক্ষ্মীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় নিহতের একজনের মরদেহ।
লক্ষ্মীপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। সোমবার (২ মার্চ) দুপুরে সদর উপজেলার মজুচৌধুরীর হাট সড়কের আবুলের গোজা এলাকায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী রাকিব হোসেন (২৭) এবং রায়পুর মৎস্য প্রজনন ও প্রশিক্ষণ কেন্দ্রের সামনে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় আনোয়ার হোসেন (৫৫) মারা যান।
নিহত রাকিব সদর উপজেলার শাকচর এলাকার মো. জাহাঙ্গীর আলমের ছেলে। আনোয়ার রায়পুরের চরপাতা এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, লক্ষ্মীপুর থেকে একটি বাস মজুচৌধুরীর হাটের দিকে যাচ্ছিল। এ ছাড়া রাকিব মোটরসাইকেল নিয়ে গন্তব্যে যাচ্ছিলেন। পথে বাসটিকে সাইট নিতে গিয়ে নিচে চাপা পড়েন রাকিব। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়।
লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ রেজাউল হক বলেন, “ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
এদিকে লক্ষ্মীপুর-রায়পুর সড়কের মৎস্য প্রজনন ও প্রশিক্ষণ কেন্দ্রের সামনে দিয়ে আনোয়ার নামে এক বৃদ্ধ সাইকেল চালিয়ে যাচ্ছিলেন। একটি সিএনজিচালিত অটোরিকশা সাইকেলকে ধাক্কা দিলে আনোয়ার গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রায়পুর থানার ওসি শাহীন মিয়া বলেন, “এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ঢাকা/লিটন/রাজীব