তেল পাচার রোধে সাতক্ষীরা সীমান্তে বিজিবির কড়া নজরদারি
সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
সাতক্ষীরা সীমান্তে টহল, তল্লাশি ও গোয়েন্দা নজরদারি জোরদার করেছে বিজিবি। ছবি: রাইজিংবিডি
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও বৈশ্বিক অস্থিরতার প্রেক্ষাপটে সম্ভাব্য ভারতে পাচার রোধে সাতক্ষীরা সীমান্তে টহল, তল্লাশি ও গোয়েন্দা নজরদারি জোরদার করেছে বিজিবি।
শনিবার (৭ মার্চ) দুপুর ১২টায় সংবাদ সম্মেলনে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, “ভোমরা স্থলবন্দর গেট দিয়ে ভারতে প্রবেশকারী দেশীয় ও ভারতীয় পণ্যবাহী ট্রাকেও কড়াকড়িভাবে তল্লাশি চালানো হচ্ছে। একই সঙ্গে সীমান্ত এলাকায় টহল কার্যক্রম জোরদারের পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।”
গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে যানবাহন তল্লাশি করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, “বিশেষ করে যেসব রুট দিয়ে অতীতে ডিজেল ও পেট্রোল পাচারের চেষ্টা হয়েছিল, সেসব পয়েন্টে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। সীমান্তবর্তী এলাকায় জনবল বৃদ্ধি, বিশেষ টহল ও গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। সন্দেহভাজন পরিবহন ও চলাচলের বিষয়েও কঠোর নজর রাখা হচ্ছে।”
কাজী আশিকুর রহমান বলেন, “দেশের জ্বালানি সম্পদ সুরক্ষায় সীমান্ত এলাকায় বিজিবি সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে এবং পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ঢাকা/শাহীন/ইভা