ঢাকা     রোববার   ০৮ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৩ ১৪৩২ || ১৮ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ঝিনাইদহে বাসে অগ্নিসংযোগের প্রতিবাদে মহাসড়কে বিক্ষোভ

ঝিনাইদহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৭, ৮ মার্চ ২০২৬   আপডেট: ১৩:৫৮, ৮ মার্চ ২০২৬
ঝিনাইদহে বাসে অগ্নিসংযোগের প্রতিবাদে মহাসড়কে বিক্ষোভ

আগুনে পুড়িয়ে দেওয়া বাস নিয়ে সড়ক অবরোধ করেন ঝিনাইদহের পরিবহন শ্রমিকরা।

ঝিনাইদহে বাসে অগ্নিসংযোগের প্রতিবাদে ঝিনাইদহ-ঢাকা, ঝিনাইদহ-খুলনা ও ঝিনাইদহ-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পরিবহন শ্রমিকরা। রবিবার (৮ মার্চ) সকাল ৯টার দিকে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে শুরু করেন। দুই ঘণ্টাব্যাপী চলা অবরোধে ভোগান্তিতে পড়েন বিভিন্ন পরিবহনের যাত্রী ও চালকরা। বেলা ১১টার দিকে অবরোধ প্রত্যাহার হলে যান চলাচল স্বাভাবিক হয়।

পুলিশ ও পরিবহন শ্রমিকরা জানায়, শনিবার রাতে ঝিনাইদহ বাস টার্মিনাল এলাকার তাজ ফিলিং স্টেশনে জ্বালানি তেল নিতে গিয়ে পাম্প কর্মীদের হামলায় এক যুবক মারা যান। ওই ঘটনার জেরে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় উত্তেজিত জনতা তাজ ফিলিং স্টেশনের মালিকের অপর একটি ফুয়েল পাম্পে ভাঙচুর করেন। রাত সাড়ে ৩টার দিকে ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা তিনটি বাসে অগ্নিসংযোগ করে সন্ত্রাসীরা। 

আরো পড়ুন:

বাসে অগ্নিসংযোগের প্রতিবাদে রবিবার সকাল থেকে মহাসড়ক অবরোধ করেন পরিবহন শ্রমিকরা। ফলে কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার সব মহাসড়কে ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা, যশোর, বরিশাল, ফরিদপুরগামী অসংখ্য যানবাহন আটকা পড়ে। ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

পরে অতিরিক্ত জেলা প্রশাসক এবিএম খালিদ হাসান, অতিরিক্ত পুলিশ সুপার বেল্লাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহফুজ হোসেন, সদর থানার ওসি সামসুল আরেফিন, আরাপপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ মৃত্যুঞ্জয় বিশ্বাসসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌছে পরিবহন মালিক শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে বাসে অগ্নিসংযোগের ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এমন আশ্বাসে অবরোধ প্রত্যাহার করেন শ্রমিকরা।

পরিবহন মালিক সমিতির সভাপতি রোকনুজ্জামান রানু বলেন, “তেল পাম্পে যুবক নিহতের ঘটনার সঙ্গে পরিবহন শ্রমিক বা মালিকদের কোনো সম্পর্ক নেই। কিন্তু ওই ঘটনার জেরে দুষ্কৃতকারীরা দাঁড়িয়ে থাকা বাসে অগ্নিসংযোগ করেছে। দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা না নেওয়া হলে পরিবহন মালিক শ্রমিকরা কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।”

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার বেল্লাল হোসেন বলেন, “পরিবহন শ্রমিক ও মালিকদের সঙ্গে বৈঠক শেষে তারা অবরোধ করেছেন। যান চলাচল স্বাভাবিক হয়েছে। বাসে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

শনিবার রাতে তেল পাম্পের কর্মীদের হামলায় নীরব নামে এক যুবক নিহতের ঘটনায় ঝিনাইদহ সদর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান। এরই মধ্যে ওই ঘটনায় তিনজনকে আটক করেছে র‍্যাব।

আটকরা হলেন- ঝিনাইদহ সদর উপজেলার বারোইখালি গ্রামের নাসির উদ্দিনের ছেলে নাসিম, আড়ূয়াকান্দি গ্রামের ইউনূস আলীর ছেলে রমিজুল ও কাস্টসাগরা গ্রামের সোফিয়ার রহমানের ছেলে আবু দাউদ।

ঢাকা/শাহরিয়ার/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়