ঢাকা     রোববার   ০৮ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৩ ১৪৩২ || ১৮ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ঝিনাইদহে পেট্রোল পাম্পে পিটিয়ে হত্যার জেরে বাসে আগুন-ভাঙচুর, আটক ৩

ঝিনাইদহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩২, ৮ মার্চ ২০২৬   আপডেট: ১২:৩৬, ৮ মার্চ ২০২৬
ঝিনাইদহে পেট্রোল পাম্পে পিটিয়ে হত্যার জেরে বাসে আগুন-ভাঙচুর, আটক ৩

ভাঙচুর করা ঝিনাইদহ শহরের সৃজনী ফিলিং স্টেশনের একটি মেশিন

ঝিনাইদহ শহরের তাজ ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে বাগবিতণ্ডার জেরে নীরব নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় তিনজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ঘটনার জেরে শহরের আরাপপুর এলাকায় সৃজনী ফিলিং স্টেশনে ব্যাপক ভাঙচুর চালিয়েছে একদল মানুষ। পাশাপাশি পেট্রোল পাম্পটির মালিক ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুন অর রশিদের বাড়ি এবং ইউনিলিভার ডিপোতে হামলা হয় বলে অভিযোগ উঠেছে।

এদিকে, শনিবার (৭ মার্চ) রাত সাড়ে ৩টার দিকে ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনালে একাধিক বাসে অগ্নিসংযোগ হয়েছে। পুলিশ ধারণা করছে, নীরব হত্যাকাণ্ডের সঙ্গে এসব হামলার যোগসূত্র থাকতে পারে।

আরো পড়ুন:

আরো পড়ুন: ঝিনাইদহে তেল নিতে গিয়ে বাগ্‌বিতণ্ডা, যুবককে পিটিয়ে হত্যা 

নিহত নীরব কালীগঞ্জ উপজেলার বারোবাজার এলাকার বাদুরগাছা গ্রামের আলীমুর রহমানের ছেলে। তিনি ঝিনাইদহ পৌর এলাকার ব্যাপারীপাড়ায় পালক পিতা আবুল কাশেমের কাছে বসবাস করতেন এবং সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সামনে তার একটি ফাস্টফুডের দোকান ছিল। নীরব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটককৃতরা হলেন- ঝিনাইদহ সদর উপজেলার বারোইখালি গ্রামের নাসির উদ্দিনের ছেলে নাসিম, আড়ুয়াকান্দি গ্রামের ইউনূস আলীর ছেলে রমিজুল ও কাস্টসাগরা গ্রামের সোফিয়া আর রহমানের ছেলে আবু দাউদ।

সৃজনী পেট্রোল পাম্পের ক্যাশিয়ার আলামিন শেখ জানান, শনিবার মধ্যরাতে ২০-৩০ জনের একটি দল তাদের পাম্পে হামলা চালায়। তারা পাম্পের মেশিন ভাঙচুর করে। এ সময় পুলিশ বাধা দিলেও পাম্পের তিনটি মেশিন গুঁড়িয়ে দেয় হামলাকারীরা।

আটক তিন ব্যক্তি


 ঝিনাইদহ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার তানভীর হাসান জানান, রাত সাড়ে ৩টার দিকে কে বা কারা ঝিনাইদাহ কেন্দ্রীয় বাস টার্মানেলে দাঁড়িয়ে থাকা তিনটি যানবাহনে আগুন ধরিয়ে দেয়। দমকল বাহিনীর একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ঝিনাইদহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক মীর রাকিব রবিবার (৮ মার্চ) ভোরে জানান, আজ বাদ জোহর নিহত নীরবের জানাজা শেষে শান্তিপূর্ণ বিক্ষোভ করা হবে। শহরে অব্যাহত ঘটে যাওয়া বিশৃঙ্খলার সঙ্গে তাদের কোনো নেতাকর্মী জড়িত নয় বলে দাবি করেছেন তিনি।

ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আরেফিন জানান, শনিবার রাত ১০টার দিকে শহরের তাজ ফিলিং স্টেশনে তেল নেওয়াকে কেন্দ্র করে ঝিনাইদের শহরের বেপারীপাড়ার আবুল কাশেমের ছেলে নীরব খুন হন। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে তৎপর রয়েছে।

ঢাকা/শাহরিয়ার/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়