এসএসসি প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়িয়ে প্রতারণা, আটক ১
কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম
আটক সালাহউদ্দিন আহমেদ।
এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের নামে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের এক সদস্যকে আটক করেছে র্যাব।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে কক্সবাজার সদর উপজেলার দরিয়ানগর এলাকা থেকে তাকে আটক করা হয়।
র্যাব-১৫-এর সহকারী পরিচালক আ.ম. ফারুক এ তথ্য জানিয়েছেন।
আটক ব্যক্তির নাম সালাহউদ্দিন আহমেদ। তিনি কক্সবাজার সদর এলাকার সাহিত্যিকা পল্লী সিটি কলেজ রোডের বাসিন্দা।
র্যাব-১৫-এর সহকারী পরিচালক আ.ম. ফারুক জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, একটি সংঘবদ্ধ চক্র মেরিন ড্রাইভ সংলগ্ন দরিয়ানগর এলাকায় অবস্থান করে ডিজিটাল মাধ্যমে ভুয়া প্রশ্নপত্র ছড়িয়ে পরীক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে অর্থ আদায় করছে। এ তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে সেখানে অভিযান চালানো হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে সালাহউদ্দিনকে হাতেনাতে আটক করা হয়।
তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানায়, বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে পরীক্ষার্থীদের মোবাইল নম্বর সংগ্রহ করে তাদের সঙ্গে যোগাযোগ করতেন। নিজেকে প্রশ্নপত্র সরবরাহকারী পরিচয় দিয়ে ভুয়া প্রশ্ন তৈরি করে পরীক্ষার আগের রাতে সরবরাহের প্রতিশ্রুতি দিয়ে মোটা অঙ্কের টাকা দাবি করতেন তিনি। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা গ্রহণের পরপরই সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্লক করে প্রতারণা সম্পন্ন করতেন তিনি।
আটকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছেন র্যাবের এই কর্মকর্তা।
ঢাকা/তারেকুর/মাসুদ
শ্রমিকদলের সমাবেশে যোগ দিলেন তারেক রহমান