মে দিবসে ৭ দাবিতে আশুলিয়ায় শ্রমিক সমাবেশ
সাভার (ঢাকা) প্রতিনিধি || রাইজিংবিডি.কম
সাভারের আশুলিয়ার বাইপাইল মোড়ে সমাবেশ করেছেন জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির নেতাকর্মী ও শ্রমিকেরা।
মহান মে দিবস উপলক্ষে সাত দাবিতে সাভারের আশুলিয়ার বাইপাইল মোড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির নেতাকর্মী ও শ্রমিকেরা।
শুক্রবার (১ মে) সকাল ১০টায় আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন বেসিক ইউনিয়নের নেতাকর্মীরাও অংশ নেন।
সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির কেন্দ্রীয় সভাপতি ফরিদুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন আশুলিয়া থানা কমিটির সভাপতি নাজমুল হক। সংহতি বক্তব্য দেন শ্রমিক নেতা মাসুদ রানা সুলতান। বক্তব্য দেন মাছিহাতা শ্রমিক ইউনিয়নের সভাপতি সফিক মিয়া এবং মেঘা ফ্যাশন ইউনিয়নের সভাপতি তানিয়া।
বক্তারা বলেন, ১ মে আন্তর্জাতিক শ্রমিক সংহতির দিন। ১৮৮৬ সালে শিকাগোর শ্রমিকদের আত্মত্যাগ থেকেই ৮ ঘণ্টা কর্মদিবস, ন্যায্য মজুরি ও মানবিক জীবনের দাবির সূচনা। এসব অধিকার কখনো সহজে আসেনি, বরং দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত হয়েছে। সেই ধারাবাহিকতায় বাংলাদেশের লাখো গার্মেন্টস শ্রমিক অধিকার আদায়ে লড়াই করে যাচ্ছেন।
তারা বলেন, দেশের বৈদেশিক মুদ্রা আয়ের বড় অংশই শ্রমিকদের অবদানে এলেও তারা এখনো ন্যূনতম জীবনধারণযোগ্য মজুরি পান না। অর্থনীতির মূল চালিকা শক্তি হওয়া সত্ত্বেও হয়রানি, নির্যাতন ও অনিশ্চয়তার মধ্যে মানবেতর জীবনযাপন করছেন শ্রমিকরা।
এত আন্দোলন-সংগ্রামের পরও শ্রমিকদের অধিকার পুরোপুরি বাস্তবায়ন হয়নি। এ অবস্থায় এবারের মে দিবসে ঐক্যবদ্ধভাবে অধিকার আদায়ের লড়াই জোরদার করার আহ্বান জানান নেতারা।
সমাবেশ থেকে ৭ দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো- বিজিএমইএর ডাটাবেইজ বিলুপ্ত করা, শিল্প খাতে রাজনৈতিক প্রতিহিংসামূলক কর্মকাণ্ড বন্ধ করা, শিল্প প্রতিষ্ঠান পরিচালনায় সমান সুযোগ নিশ্চিত করা, শিল্পাঞ্চলে শ্রমিকদের জন্য হাসপাতাল নির্মাণ, সব খাতের শ্রমিকদের জন্য জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণা, গার্মেন্টস শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা চালু এবং চলাচলের পথে ধর্ষণ, চুরি, ছিনতাই ও ডাকাতি বন্ধ করে নিরাপত্তা নিশ্চিত করা।
ঢাকা/সাব্বির/মাসুদ
‘পয়লা মে দিবস’ এর ইতিহাস