কেরানীগঞ্জে ছেলের হাতে বাবা খুন
কেরানীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
কেরানীগঞ্জ মডেল থানা। ছবি: সংগৃহীত
ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার সাক্তা ইউনিয়নের গোয়ালখালী গ্রামে সম্পত্তি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু হয়েছে। নিহতের নাম শাহী ইসলাম (৭০)। তিনি ওই এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে। শুক্রবার (১ মে) ভোরে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোর আনুমানিক ৫টা ১৫ মিনিটে পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের এক পর্যায়ে ছেলে আলামিন (২৬) তার বাবাকে ছুরি দিয়ে পেটে আঘাত করে। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই শাহী ইসলামের মৃত্যু হয়।
খবর পেয়ে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং অভিযুক্ত আলামিনকে আটক করে।
কেরানীগঞ্জ মডেল থানার ওসি নুরে আলম সিদ্দিকী জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে । এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
ঢাকা/শিপন/ফিরোজ
‘পয়লা মে দিবস’ এর ইতিহাস