ঢাকা     রোববার   ১৫ মার্চ ২০২৬ ||  চৈত্র ১ ১৪৩২ || ২৫ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

রংপুরে মা-ছেলের মরদেহ উদ্ধার 

রংপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৩, ১৫ মার্চ ২০২৬   আপডেট: ১৩:২৭, ১৫ মার্চ ২০২৬
রংপুরে মা-ছেলের মরদেহ উদ্ধার 

ফাইল ফটো

রংপুর নগরীর বাবুপাড়া সাজাপুর এলাকার একটি বাড়ি থেকে মা-ছেলের মরদেহ উদ্ধার হয়েছে। শনিবার (১৪ মার্চ) রাতে তাদের মরদেহ উদ্ধার হয়। পুলিশের ধারণা, ছেলেকে শ্বাসরোধে হত্যার পর আত্মহত্যা করেন মা।

মারা যাওয়ারা হলেন- সূচনা ঘোষ ও তার দেড় বছর বয়সী সন্তান জয়দেব ঘোষ। 

আরো পড়ুন:

রবিবার (১৫ মার্চ) সকালে রংপুর মেট্রোপলিটন তাজহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান স্থানীয়দের বরাত দিয়ে জানান, সাজাপুর এলাকার শারীরিক প্রতিবন্ধী শংকর ঘোষের স্ত্রী সূচনা শনিবার দুপুর ২টার দিকে তার মেয়ে পুস্পিতা ঘোষকে বাজারে পাঠান। এরপর তিনি তার দেড় বছরের ছেলে জয়দেব ঘোষকে শ্বাসরোধ করে হত্যার পর ঘরের ফ্যানে ওড়না প্যাঁচিয়ে আত্মহত্যা করেন। 

তিনি জানান, পুস্পিতা বাড়িতে এসে ঘরের দরজা বন্ধ দেখতে পেয়ে তার মাকে ডাকাডাকি করে। তবে সে কোনো সাড়া শব্দ পায়নি। এরপর ঘরের জানালার ফাঁক দিয়ে উঁকি দিলে ফাঁস দেওয়া অবস্থায় মা সূচনা ঘোষকে দেখতে পায় পুস্পিতা। পরে এলাকাবাসী বাড়িতে এসে দেখেন, ঘরে সূচনা ঘোষের দেড় বছরের ছেলে জয়দেব ঘোষের লাশও পড়ে রয়েছে।

সূচনা ঘোষের স্বামী শংকর ঘোষ জানান, সূচনা দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন। তাকে বিভিন্ন সময় চিকিৎসা করানো হয়েছে। মানসিক সমস্যা থেকেই ছেলেকে হত্যা করে সূচনা নিজে আত্মহত্যা করতে পারে বলে জানান তিনি।    

মেট্রোপলিটন তাজহাট থানার ওসি আতাউর রহমান বলেন, ‍“এলাকাবাসী ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জেনেছি, অভাব-অনটনের কারণে পরিবারে অশান্তি ছিল। পারিবারিক কলহ নাকি মানসিক অসুস্থ্যতার কারণে ঘটনাটি ঘটেছে তা তদন্ত করে দেখছি। মা-ছেলের মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। আইনী প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”

ঢাকা/আমিরুল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়