ঢাকা     সোমবার   ১৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ৩ ১৪৩২ || ২৭ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

জাবি শিক্ষার্থীর রক্তাক্ত মরদেহ উদ্ধারের ঘটনায় স্বামী কারাগারে

সাভার (ঢাকা) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩২, ১৬ মার্চ ২০২৬   আপডেট: ২১:৩৪, ১৬ মার্চ ২০২৬
জাবি শিক্ষার্থীর রক্তাক্ত মরদেহ উদ্ধারের ঘটনায় স্বামী কারাগারে

ফাহিম আল হাসান।

ঢাকার সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধারের ঘটনায় তার স্বামী ফাহিম আল হাসানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (১৬ মার্চ) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আয়েশা ছিদ্দিকা এ আদেশ দেন।

সন্ধ্যায় মামলার তদন্তকারী কর্মকর্তা আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শহিদুজ্জামান এ তথ্য নিশ্চিত করে বলেন, “আসামি ফাহিম আল হাসানের পাঁচ দিন রিমান্ড আবেদন করা হয়েছিল। আদালত আগামী ২৪ মার্চ রিমান্ড শুনানির দিন ধার্য করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।”

আরো পড়ুন:

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, শারমীন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ৪র্থ বর্ষের ছাত্রী ছিলেন। তার স্বামী ফাহিম আল হাসান ঢাকা কলেজের অর্থনীতি বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী। প্রেমের সম্পর্কের পর শারমীন ও ফাহিম গত বছরের ২৪ জুন বিয়ে করে বিষয়টি পরিবারকে জানায়।

গত বছরের সেপ্টেম্বরে তারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-সংলগ্ন ইসলামনগর এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। বিয়ের কিছুদিন পর থেকে শারমীন ও ফাহিমের মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে কলহের সৃষ্টি হয়। বিষয়টি শারমীন পরিবারের সদস্যদের জানিয়েছিলেন। 

১৫ মার্চ বিকেল পৌনে ৫টার দিকে শারমীনের চাচা মনিরুল ইসলামকে মোবাইলে কল দিয়ে বাসায় আসতে বলেন ফাহিম। কারণ জানতে চাইলে জানানো হয়, শারমীন গুরুতর অসুস্থ। খরব পেয়ে মনিরুল ঘটনাস্থলে এসে শারমীনকে খাটের উপর রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে আশপাশের লোকজনের সহায়তায় শারমীনকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এজাহারে আরো উল্লেখ করে বলা হয়েছে, সুরতহাল প্রতিবেদন তৈরির সময় শারমীনের কপালের ডান পাশে ও মাথার উপরে গভীর কাটা রক্তাক্ত জখম দেখতে পাওয়া যায়। ফাহিম আল হাসান অজ্ঞাতনামাদের সহায়তায় পরিকল্পিতভাবে শারমীনেক ধারালো অস্ত্র দিয়ে মাথা ও কপালসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে হত্যা করেছেন।

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. আজগর হোসেন বলেন, “ঘটনার পরপরই নিহতের স্বামী ফাহিম আল হাসানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছিল। পরে শারমীনের চাচা মনিরুল ইসলামের দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। সোমবার তাকে আদালতে পাঠানো হয়েছে।”

নিহত শারমীন জাহান খাদিজা (২৫) চাঁদপুর জেলার কচুয়া উপজেলার তেতৈয় গ্রামের শাহজাহান মোল্লার মেয়ে। তার স্বামী ফাহিম আল হাসান (২২) কুমিল্লা জেলার মুরাদনগর থানার খুইরুল গ্রামের মো. হানিফ সরকারের ছেলে।

ঢাকা/সাব্বির/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়