ভোমরা স্থলবন্দরে ১০ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি
সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চ থেকে টানা ১০ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে, পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে ভোমরা ইমিগ্রেশন পুলিশ।
ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুছা জানিয়েছেন, মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যা পর্যন্ত বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক থাকবে। বর্তমানে পবিত্র রমজান মাস উপলক্ষে প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত পণ্য খালাস ও লোডিং কার্যক্রম পরিচালিত হচ্ছে।
তিনি জানান, ১৮ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত টানা ১০ দিন ভোমরা কাস্টমস হাউসে সিঅ্যান্ডএফ কার্যক্রম বন্ধ থাকবে। এ সময় ভারত ও বাংলাদেশের মধ্যে কোনো পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশ বা বের হতে পারবে না। আগামী ২৮ মার্চ থেকে আবারও যথারীতি আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।
ভোমরা ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুজ্জামান জানিয়েছেন, বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের সীমান্ত পারাপার স্বাভাবিক থাকবে। ঈদ উপলক্ষে যেসব যাত্রী যাতায়াত করবেন, তাদের জন্য ইমিগ্রেশন সেবা চালু থাকবে।
ভোমরা স্থলবন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক মামুন কবির তরফদার বলেছেন, “সরকারি ছুটির কারণে এ সময় আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে, বন্দর ও কাস্টম হাউসের কিছু অভ্যন্তরীণ দাপ্তরিক কাজ সীমিত পরিসরে চলবে।”
ঢাকা/শাহীন/রফিক