বিধবা মাকে বের করে ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে
গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বিধবা মাকে বের করে দিয়ে ঘরে আগুন দিয়েছে মাদকাসক্ত ছেলে।
মঙ্গলবার (১৭ মার্চ) রাতে কোটালীপাড়া উপজেলার দক্ষিণ হিরন গ্রামে এমন ঘটনায় হতবাক হয়ে পড়েছেন প্রতিবেশীরা।
তারা জানান, হেনয়ারা বেগম (৫৫) অসহায় নারী। প্রায় ছয় মাস আগে বরিশালে কাজ করতে গিয়ে তার স্বামী শাহ আলম শেখ মারা যান। বড় ছেলে ওলিউল্লাহ কাজের জন্য ভারতে গিয়ে ১০ বছর ধরে নিখোঁজ। আর ছোট ছেলে শহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। শহিদুলের অত্যাচারে হেনয়ারা বেগম দিশেহারা। সর্বশেষ সে মাকে ঘর থেকে বের করে দিয়ে ঘরে আগুন লাগিয়ে দেয়। এতে একমাত্র মাথা গোঁজার ঠাঁই হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন দুখিনী এই মা।
কান্নাজড়িত কণ্ঠে হেনয়ারা বেগম বলেন, ‘‘আমার মাথা গোজাঁর ঠাঁইটুকুও এখন পুড়ে ছাই হয়ে গেল। আমার আর বেঁচে থাকার ইচ্ছা নাই। এতো শোক আমি কীভাবে সইবো? আমি এখন কীভাবে বাঁচবো?’’
জানা গেছে, ঘটনার রাতে শহিদুল হেনয়ারা বেগমের কাছে মাদক সেবনের জন্য টাকা চায়। টাকা না পেয়ে শহিদুল মাকে গালিগালাজ করে ঘর থেকে বের করে দেয়। এরপর ঘরে আগুন ধরিয়ে দিয়ে সে পালিয়ে যায়। এ সময় আশপাশের মানুষ আগুন নেভানোর জন্য এগিয়ে এলেও শেষ রক্ষা হয়নি। পুরো বসতবাড়ি পুড়ে ছাই হয়ে যায়।
হেনয়ারা বেগম বলেন, ‘‘শহিদুল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। সে প্রতিনিয়ত আমার কাছে টাকা চায়। টাকা দিতে না পারলে মারধর করে। যে কারণে শহিদুলের ভয়ে পালিয়ে থাকতাম। ঘটনার রাতে টাকা দিতে না পারায় আমাকে ঘর থেকে বের করে দিয়ে ঘরে আগুন দিয়েছে সে।’’
প্রতিবেশী জামির আলী বলেন, ‘‘মঙ্গলবার রাতে শহিদুল যে কাজ করেছে তার ক্ষমা নেই। আমরা আগুন নেভানোর জন্য ছুটে আসতে না আসতেই ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। আমরা চাই না এ ভাবে আর কোন পরিবারে মাদকাসক্ত ছেলের জন্ম হোক।’’
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ মো. রিয়াদ মাহমুদ বলেন, এ বিষয়ে আমি এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগতভাবে ব্যবস্থা নেব।
ঢাকা/বাদল//