এসিল্যান্ড পরিচয়ে ‘ঈদ উপহার’ হিসেবে চাঁদা দাবি
কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রতীকী ছবি
কুষ্টিয়ার কুমারখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পরিচয়ে মোবাইলে বিভিন্ন ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে দুই জনের কাছে ঈদ উপহার হিসেবে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। পরে ওই ব্যবসায়ীরা চাঁদার বিষয়টি উপজেলা সহকারী কমিশনারকে জানালে কার্যালয়টির অফিসিয়াল ফেসবুকে একটি সতর্কমূলক স্ট্যাটাস দেওয়া হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ার বলেন, “এসিল্যান্ড পরিচয়ে এক ব্যবসায়ীর কাছে ৩০ হাজার এবং অপর ব্যবসায়ীর কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেছে প্রতারকরা। এ ঘটনায় থানা পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।”
এ সময় তিনি দাবি করেন, তার কার্যালয় সম্পূর্ণ অনিয়ম ও দুর্নীতিমুক্ত। কাউকে চাঁদা না প্রদানের জন্য ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে জানানো হয়েছে বলে জানান নাভিদ সারওয়ার।
কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন বলেন, “এসিল্যাণ্ডের কথা বলে ফোনে চাঁদা দাবির বিষয়টি নজরে এসেছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ঢাকা/কাঞ্চন/রাজীব