মধ্যপ্রাচ্যে অস্থিরতা: ২১ দিনে চট্টগ্রাম থেকে ১৬২ আন্তর্জাতিক ফ্লাইট বাতিল
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর বিমান বাংলাদেশের উড়োজাহাজ
মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার জেরে গত ২১ দিনে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৬২টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে সর্বশেষ গতকাল শনিবার বাতিল হয়েছে ৭টি আন্তর্জাতিক ফ্লাইট। এই তথ্য নিশ্চিত করেছেন বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, শনিবার (২১ মার্চ) ৭টি আন্তর্জাতিক ফ্লাইটসহ গত ২৮ ফেব্রুয়ারি থেকে সর্বমোট ১৬২টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়।
শনিবার বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আসা ১টি অ্যারাইভাল ও ১টি ডিপার্চার ফ্লাইট। ইউএস বাংলা এয়ারলাইনসের ২টি অ্যারাইভাল ও ১টি ডিপার্চার ফ্লাইট। পাশাপাশি এয়ার অ্যারাবিয়ার ১টি অ্যারাইভাল ও ১টি ডিপার্চার ফ্লাইটও বাতিল করা হয়েছে।
তবে বিভিন্ন এয়ারলাইনসের মধ্যপ্রাচ্যের ৬টি অ্যারাইভাল এবং ৪টি ডিপার্চার ফ্লাইট স্বাভাবিকভাবে পরিচালিত হয়েছে।
এদিকে সালাম এয়ার, এয়ার অ্যারাবিয়া এবং ইউএস বাংলা এয়ারলাইনসের শারজাহ, দুবাই ও আবুধাবি থেকে চট্টগ্রামগামী কয়েকটি ফ্লাইটের স্থবিরতা এখনো কাটেনি। সংশ্লিষ্টরা বলছেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট সূচিতে অনিশ্চয়তা অব্যাহত থাকতে পারে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার কারণে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট চলাচলে বড় ধরনের প্রভাব পড়েছে। যাত্রীদের ভোগান্তি কমাতে এয়ারলাইনসগুলো নিয়মিত ফ্লাইট সূচি পর্যবেক্ষণ করছে এবং পরিস্থিতি স্বাভাবিক হলে ফ্লাইট পুনরায় চালুর প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এদিকে, একের পর এক মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট বাতিল হওয়ায় যাত্রীরা বিপাকে পড়েছে। অনেক যাত্রী আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় তারা এয়ারলাইনসগুলোর অফিসে ধর্না দিচ্ছে।
ঢাকা/রেজাউল/ফিরোজ