ঢাকা     শুক্রবার   ২৭ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৪ ১৪৩২ || ৮ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

স্বাস্থ্যসেবা সহজ করতে বিশেষ কার্ড চালুর পরিকল্পনা রয়েছে: পানি প্রতিমন্ত্রী

পঞ্চগড় প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৯, ২৭ মার্চ ২০২৬   আপডেট: ১৮:০৫, ২৭ মার্চ ২০২৬
স্বাস্থ্যসেবা সহজ করতে বিশেষ কার্ড চালুর পরিকল্পনা রয়েছে: পানি প্রতিমন্ত্রী

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, “দেশের প্রতিটি মানুষকে স্বাস্থ্যসেবার আওতায় নিয়ে আসতে চায় সরকার। নাগরিকদের স্বাস্থ্যসেবা সহজ করতে বিশেষ কার্ড চালুর পরিকল্পনা রয়েছে। যার মাধ্যমে একজন মানুষ দেশের যেকোনো জায়গায় প্রয়োজনীয় চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবেন।”

শুক্রবার (২৭ মার্চ) দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ফরহাদ হোসেন আজাদ বলেন, “বোদায় মাত্র ৫০ শয্যার একটি হাসপাতাল রয়েছে। শুক্রবার হাসপাতালে ৬৩ জন রোগী ভর্তি ছিলেন। বাকি ১৩ জন রোগীকে মেঝেতে থাকতে হচ্ছে। অন্যদিন ৭০ থেকে ৮০ জন রোগী ভর্তি হয়। হাসপাতালটি ১০০ শয্যায় উন্নীত করা অত্যন্ত জরুরি।”

হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক ও জরুরি চিকিৎসা যন্ত্রপাতির ঘাটতির কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, “দ্রুত সময়ের মধ্যে অন্তত কয়েকজন কনসালটেন্ট ও মেডিকেল অফিসার নিয়োগ দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি প্রয়োজনীয় মেডিকেল ইকুইপমেন্ট দ্রুত সরবরাহের ব্যবস্থা করা হবে। এ বিষয়ে ঢাকায় গিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে দ্রুত সমাধানের চেষ্টা করা হবে।”

তিনি আরো বলেন, “বিএনপি সরকার মানুষের মৌলিক সেবা নিশ্চিত করতে চায়। নদী-খাল খননের পাশাপাশি স্বাস্থ্যসেবাকে অগ্রাধিকার দেওয়া হবে।”

ঢাকা/নাঈম/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়