বৈরুতে বিমান হামলায় নিহত দিপালীর মরদেহ দ্রুত দেশে আনার দাবি
ফরিদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
নিহত দিপালী খাতুন
লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় দিপালী খাতুন (২৬) নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। জীবিকার সন্ধানে লেবাননে যাওয়া এই প্রবাসীর আকস্মিক মৃত্যুতে পরিবারটি ভেঙে পড়েছে। দ্রুত দিপালীর লাশ দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন তার স্বজনরা।
গত বুধবার (৮ এপ্রিল) স্থানীয় সময় বিকেলে বৈরুতের হামরা এলাকায় বিমান হামলায় তিনি নিহত হন। দিপালীর গ্রামের বাড়ি ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার শালেপুর গ্রামে। তার বাবার নাম শেখ মোফাজ্জল।
পারিবারিক ও প্রশাসনিক সূত্রে জানা গেছে, দিপালী বৈরুতে তার নিয়োগকর্তার বাড়িতে অবস্থান করছিলেন। ওই বাড়িতে ইসরায়েলি বাহিনীর চালানো হামলায় তিনি প্রাণ হারান। বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও চরভদ্রাসন উপজেলা প্রশাসন এ তথ্য জানায়।
নিহতের ছোট বোন লাইজু খাতুন জানান, ২০২৪ সালের এপ্রিলে জীবিকার সন্ধানে লেবানন যান দিপালী। সেখানে তিনি একটি বাসায় গৃহকর্মী হিসেবে নিযুক্ত ছিলেন। গত বুধবার বিকেল ৪টার দিকে পরিবারের সঙ্গে শেষবার কথা বলেন তিনি। এরপর থেকে তার ফোন ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
পরবর্তীতে বৃহস্পতিবার দিবাগত রাতে জনৈক এক ব্যক্তি হোয়াটসঅ্যাপ কল করে দিপালীর মৃত্যু সংবাদ পরিবারকে জানান।
দিপালীর আরো দুটি বোন ও দুই ভাই রয়েছে। তিনি অবিবাহিত ছিলেন। তার অকাল মৃত্যুতে দিশেহারা পরিবারটি এখন দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছে।
চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া মমতাজ বলেন, "আমরা নিহতের পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। দিপালীর মরদেহ এখন বৈরুতের একটি হাসপাতালে রয়েছে। মেরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে এবং সরকারিভাবে পরিবারটিকে সব ধরনের সহযোগিতা করা হবে।”
ঢাকা/তামিম/ইভা
চট্টগ্রাম ষোল শহরে একটি শপিং কমপ্লেক্সে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট