ঢাকা     বুধবার   ১৫ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ২ ১৪৩৩ || ২৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বিএনপি প্রতিশ্রুতি দেয় এবং তা বাস্তবায়ন করে: স্বরাষ্ট্রমন্ত্রী 

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১২, ১৪ এপ্রিল ২০২৬  
বিএনপি প্রতিশ্রুতি দেয় এবং তা বাস্তবায়ন করে: স্বরাষ্ট্রমন্ত্রী 

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ টেকনাফে কৃষকের হাতে ‘কৃষক কার্ড’ তুলে দেন।

কক্সবাজারের টেকনাফে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। 

তিনি বলেছেন, বিএনপি দেশের মানুষের কাছে যে প্রতিশ্রুতি দেয়, তা বাস্তবায়ন করে। ভোটের কালি মোছার আগেই প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু হয়েছে।

আরো পড়ুন:

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে টেকনাফ এজাহার মিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপির নির্বাচনি ইশতেহারের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য কার্ড বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি ইমাম-মুয়াজ্জিনসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্বশীলদের ভাতা প্রদান এবং সাবেক ও বর্তমান খেলোয়াড়দের ভাতা দেওয়ার উদ্যোগও বাস্তবায়নের পথে রয়েছে।

তিনি আরো বলেন, বাংলাদেশ কৃষিনির্ভর দেশ। কৃষকের অবস্থান শক্তিশালী হলে দেশও এগিয়ে যাবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্নের স্বনির্ভর বাংলাদেশ গড়তে সারা দেশে খাল খনন কর্মসূচি শুরু হয়েছে। এছাড়া কৃষকদের ১০ হাজার টাকার কৃষি ঋণ সুদসহ মওকুফ করা হয়েছে। পহেলা বৈশাখে কৃষক- কৃষাণীর হাতে কৃষি কার্ড তুলে দেওয়া জাতীয় জীবনে ঐতিহাসিক উদ্যোগ বলে উল্লেখ করেন তিনি।

কৃষক কার্ডের মাধ্যমে কৃষকরা ন্যায্যমূল্যে কৃষি উপকরণ, স্বল্প ব্যয়ে সেচ সুবিধা, সহজ শর্তে ঋণ, ভর্তুকি ও প্রণোদনা, কৃষি প্রশিক্ষণ, আবহাওয়া ও বাজার তথ্যসহ নানা সুবিধা পাবেন বলেও জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশকে সন্ত্রাস ও মাদকমুক্ত করতে শিগগিরই বিশেষ অভিযান শুরু করা হবে। কক্সবাজারে মানবপাচার, অপহরণ ও জুয়া, বিশেষ করে অনলাইন জুয়া রোধে আইনশৃঙ্খলা বাহিনীকে ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, কৃষি বিভাগের পাইলটিং প্রকল্পের আওতায় টেকনাফ উপজেলায় মোট ১ হাজার ৬৯৮ জন কৃষক-কৃষাণীর মধ্যে কৃষক কার্ড বিতরণ করা হবে। এর মধ্যে ১ হাজার ৪৬৩ জন কৃষক ও ২৩৫ জন কৃষাণী রয়েছেন। উপকারভোগীদের মধ্যে ১ হাজার ৬৮৩ জন শস্য চাষি, ২ জন মৎস্য চাষি, ১০ জন প্রাণিসম্পদ খাতের এবং ৩ জন লবণ চাষি রয়েছেন। এছাড়া নির্বাচিতদের মধ্যে ১ হাজার ৬৫২ জন ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক-কৃষাণী কৃষি প্রণোদনা পাবেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, আলমগীর মুহাম্মদ মাহফুজউল্লাহ ফরিদ, লুৎফর রহমান কাজল, জেলা পরিষদের প্রশাসক এটিএম নুরুল বশর চৌধুরী এবং পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান। 

স্বাগত বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলী জিন্নাহ। পরে প্রধান অতিথি স্থানীয় ১০ জন কৃষক ও ৫ জন কৃষাণীর হাতে কৃষক কার্ড ও ফলজ গাছের চারা তুলে দেন।

এর আগে সকালে স্বরাষ্ট্রমন্ত্রী টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করেন।

ঢাকা/তারেকুর/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়