অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে প্রধানমন্ত্রী কাজ করছেন: চিফ হুইপ
জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম বলেছেন, “দেশের মানুষের অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমান নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।”
মঙ্গলবার (১৪ এপ্রিল) রাজধানীর কারওয়ান বাজারে একুশে টিভি ভবনে প্রতিষ্ঠানের ২৭ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
‘পরিবর্তনে অঙ্গিকারাবদ্ধ’ প্রতিপাদ্যে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গণমাধ্যমের স্বাধীনতা ও ইতিবাচক সংবাদ প্রচারের ওপর গুরুত্বারোপ করে চিফ হুইপ বলেন, “দেশের মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে আনা ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অনেকেই ভূমিকা রেখেছেন। তবে কঠিন সময়ে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য প্রচার করে একুশে টিভি সাহসী ভূমিকা পালন করেছে।”
তিনি আরো বলেন, “আগের সরকারের সময় বাকস্বাধীনতা সীমিত ছিল এবং তারেক রহমানের বক্তব্য প্রচারও নিষিদ্ধ ছিল। সেই পরিস্থিতিতে তার বক্তব্য প্রচার করায় একুশে টিভির চেয়ারম্যানকে কারাবরণ করতে হয়েছিল।”
গণমাধ্যমের ভূমিকা প্রসঙ্গে নূরুল ইসলাম বলেন, “সংবাদমাধ্যমের উচিত যৌক্তিক সমালোচনার পাশাপাশি ইতিবাচক ঘটনাগুলোকেও গুরুত্ব দিয়ে তুলে ধরা।”
উদাহরণ হিসেবে তিনি বলেন, “ইস্টার্ন রিফাইনারি বন্ধের খবর প্রচারিত হলেও তেলবাহী দুটি জাহাজ বন্দরে খালাসের অপেক্ষায় থাকার বিষয়টি তেমন গুরুত্ব পায়নি।”
সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে তিনি বলেন, “দায়িত্ব গ্রহণের অল্প সময়ের মধ্যেই প্রধানমন্ত্রী কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করেন। এর আগে ফ্যামিলি কার্ড চালু, ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় নেতাদের ভাতা প্রদানসহ নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।”
অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী শুভেচ্ছা বক্তব্য দেন।
পরে একুশে টিভির ২৭ বছর পূর্তি উপলক্ষে কেক কাটা হয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান বক্তব্য দেন।
এ সময় একুশে টিভির সাংবাদিক, কলাকুশলী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
ঢাকা/এএএম/এসবি
গাজা ও লেবাননে সামরিক অভিযান চলবেই: নেতানিয়াহু