বিশ্বমঞ্চ কাঁপানো পারফরম্যান্সে মাসসেরা স্যামসন, সঙ্গী কের
আন্তর্জাতিক ক্রিকেটে দারুণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে মার্চ মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন সঞ্জু স্যামসন এবং অ্যামেলিয়া কের। পুরুষ বিভাগে ভারতীয় এই ওপেনার আর নারী বিভাগে নিউ জিল্যান্ডের অলরাউন্ডার নিজেদের অসাধারণ পারফরম্যান্স দিয়ে জিতেছেন মর্যাদাপূর্ণ এই সম্মান।
মার্চজুড়ে দুর্দান্ত ফর্মে থাকা স্যামসন পেছনে ফেলেছেন সতীর্থ জাসপ্রিত বুমরাহ এবং দক্ষিণ আফ্রিকার ব্যাটার কনর এস্টারহুইজেনকে। অন্যদিকে কের ছাড়িয়ে গেছেন অস্ট্রেলিয়ার বেথ মুনি ও দক্ষিণ আফ্রিকার পেসার আয়াবোঙ্গা খাকাকে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে স্যামসনের ব্যাট যেন আগুন ঝরিয়েছে ঠিক সময়েই। কোয়ার্টার ফাইনালে কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অপরাজিত ৯৭ রানের ইনিংস দিয়ে শুরু। এরপর মুম্বাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে ৮৯ এবং আহমেদাবাদে নিউ জিল্যান্ডের বিপক্ষে ফাইনালেও ৮৯। টানা তিন ম্যাচে ম্যাচজয়ী পারফরম্যান্সে তিনি হয়ে ওঠেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়। তার এমন পারফরম্যান্সে ভারত শুধু শিরোপা ধরে রাখেনি, বরং নিজেদের মাটিতে প্রথমবারের মতো ট্রফিও জিতেছে।
পুরস্কার জয়ের অনুভূতি জানাতে গিয়ে স্যামসন বলেন, ‘‘এই সম্মান তার ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় সময়ের অংশ। বিশ্বকাপ জয়ের অভিজ্ঞতাকে তিনি স্বপ্নপূরণ হিসেবে উল্লেখ করেন এবং জানান, দলের সহায়তা ও কোচিং স্টাফের বিশ্বাসই তাকে সেরাটা দিতে সাহায্য করেছে।’’
অন্যদিকে অ্যামেলিয়া কের ছিলেন সমানভাবে দুর্দান্ত। ব্যাট ও বল দুই দিকেই। মার্চে ৪টি ওয়ানডেতে ৭৮.৫৭ স্ট্রাইক রেটে ১৭৬ রান করার পাশাপাশি লেগস্পিনে নিয়েছেন ১৮ উইকেট। যেখানে তার ইকোনমি ছিল মাত্র ৩.৭৭। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে নিউ জিল্যান্ড ৩-০ ব্যবধানে জেতে। আর দ্বিতীয় ম্যাচে ৩৪ রানে ৭ উইকেট নিয়ে কের ছিলেন সিরিজের সেরা।
টি-টোয়েন্টিতেও তার আধিপত্য ছিল স্পষ্ট- ২৭৬ রান করেছেন ১৫৮.৬২ স্ট্রাইক রেটে। সঙ্গে নিয়েছেন ৬ উইকেট। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪-১ ব্যবধানে সিরিজ জয়ে তিনি আবারও হয়েছেন সিরিজসেরা। এর আগে ২০২২ সালের ফেব্রুয়ারি এবং ২০২৪ সালের অক্টোবরেও এই পুরস্কার জিতেছিলেন কের।
কের বলেন, এটি তার দলের জন্য একটি বিশেষ মাস ছিল। তিনি জয়ের পেছনে দলের আত্মত্যাগ, বিশ্বাস এবং একসঙ্গে লড়াই করার মানসিকতাকেই সবচেয়ে বড় শক্তি হিসেবে দেখছেন।
বিশ্বজুড়ে নিবন্ধিত ভক্তদের ভোট এবং সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার ও গণমাধ্যম প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত বিশেষজ্ঞ প্যানেলের রায়ের ভিত্তিতেই এই দুই তারকাকে মার্চ মাসের সেরা হিসেবে ঘোষণা করা হয়েছে।
ঢাকা/আমিনুল
গাজা ও লেবাননে সামরিক অভিযান চলবেই: নেতানিয়াহু