‘সবচেয়ে বোকা দল’ দক্ষিণ আফ্রিকা: ভন
টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ নিয়ে তীব্র সমালোচনা করেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন। দক্ষিণ আফ্রিকার টুর্নামেন্ট কৌশলকে তিনি আখ্যা দিয়েছেন “সবচেয়ে বোকা সিদ্ধান্ত” হিসেবে। তার দাবি, সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে আসলে পরোক্ষভাবে ভারতকেই বিশ্বকাপ জিততে সাহায্য করেছে প্রোটিয়ারা।
ভনের মতে, সুপার এইট পর্বে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার দাপুটে জয় শেষ পর্যন্ত উল্টো ফল বয়ে আনে। কারণ সেই ম্যাচে যদি তারা হেরে যেত, তাহলে ভারতের জন্য নকআউট পর্বে ওঠা অনেক কঠিন হয়ে যেত। এমনকি টুর্নামেন্ট থেকেই বিদায় নিতে হতো।
টুর্নামেন্টে দক্ষিণ আফ্রিকার কাছে ৭৬ রানে বড় হার হজম করার পর কঠিন অবস্থায় পড়ে ভারত। তখন সূর্যকুমার যাদবের দলকে টিকে থাকতে হলে গ্রুপের বাকি ম্যাচে জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজকে হারানো ছাড়া উপায় ছিল না।
জিম্বাবুয়ের বিপক্ষে কষ্টার্জিত জয় পাওয়ার পর ভারতের ভাগ্য অনেকটাই নির্ভর করছিল দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের ওপর।
আহমেদাবাদে সেই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে স্বচ্ছন্দেই হারায় দক্ষিণ আফ্রিকা। এতে তারা নিজেদের সেমিফাইনাল নিশ্চিত করে। তবে ভনের মতে, এই ফলাফলই ভারতের জন্য সুযোগ তৈরি করে দেয়।
দক্ষিণ আফ্রিকার জয়ের ফলে কলকাতায় ভারত ও ওয়েস্ট ইন্ডিজের ম্যাচটি কার্যত কোয়ার্টার ফাইনালের রূপ নেয়।
চাপের সেই ম্যাচে জয় পেয়ে সেমিফাইনালে ওঠে ভারত। এরপর সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে পৌঁছে যায় সূর্যকুমারের দল। শেষ পর্যন্ত নিউ জিল্যান্ডকে হারিয়ে শিরোপা জিতে নেয় ভারত।
অন্যদিকে দক্ষিণ আফ্রিকার যাত্রা শেষ হয় হতাশার মধ্যেই। সেমিফাইনালে নিউ জিল্যান্ডের কাছে বড় ব্যবধানে হেরে বিদায় নেয় তারা।
একটি ক্রিকেটবিষয়ক পডকাস্টে কথা বলতে গিয়ে ভন বলেন, “এই টুর্নামেন্টে সবচেয়ে বোকা দল যদি কাউকে বলতে হয়, সেটা দক্ষিণ আফ্রিকা। কারণ সুপার এইটে যদি তারা ওয়েস্ট ইন্ডিজকে জিততে দিত, তাহলে ভারত ছিটকে যেত।”
তিনি আরও বলেন, “সেই ম্যাচ জিতে তারা ভারতের জন্য পথ খুলে দিয়েছে। এরপর ভারত জিম্বাবুয়ে, তারপর ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেমিফাইনালে যায় এবং শেষে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠে।”
৫১ বছর বয়সী এই সাবেক অধিনায়ক বলেন, বড় টুর্নামেন্ট জিততে হলে শুরুতেই শক্তিশালী দলগুলোকে বিদায় করাই সবচেয়ে কার্যকর কৌশল। তার ভাষায়, “বিশ্বকাপ জিততে চাইলে সেরা দলটাকে যত দ্রুত সম্ভব টুর্নামেন্ট থেকে ছিটকে দেওয়া উচিত।”
তবে বাস্তবতা হলো, ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে নিজেদের সেমিফাইনাল নিশ্চিত করলেও শেষ পর্যন্ত সেই সিদ্ধান্তই দক্ষিণ আফ্রিকার জন্য ব্যুমেরাং হয়ে দাঁড়ায়। কারণ শেষ পর্যন্ত নিউ জিল্যান্ডের কাছে বড় ব্যবধানে হেরে তাদের বিশ্বকাপ স্বপ্ন ভেঙে যায়।
ঢাকা/আমিনুল