পান্তা-ইলিশ, গান-নৃত্যে রাবি ছাত্রদলের বর্ষবরণ
রাবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে পান্তা-ইলিশ, গ্রামীণ খেলা ও গান-নৃত্যের মাধ্যমে নতুন বছরকে বরণ করে নিল রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদল। দিনব্যাপী এ আয়োজনে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে দর্শনার্থী ও শিক্ষার্থীদের ভিড় ছিল।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় পান্তা-ভাত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর সকাল ১০টায় অনুষ্ঠিত হয় হাড়ি ভাঙা খেলা এবং সকাল ১১টায় অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী লাঠি খেলা। বিকাল ৫টায় শুরু হয় ‘গানে গানে বৈশাখ’ শিরোনামে সাংস্কৃতিক পর্ব।
ছাত্রদল নেতারা জানান, বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতিকে ধারণ করে নতুন বছরকে বরণ করতে এ আয়োজন করা হয়েছে। নতুন প্রজন্মের মাঝে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরার পাশাপাশি সবার মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে দেওয়া তাদের মূল লক্ষ্য। দিনব্যাপী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের জন্য রাখা হয় আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা।
রাবি শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ (রাহী) বলেন, ‘‘আমরা এবার নববর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের নিয়ে এই পহেলা বৈশাখ উদযাপন করছি। বিগত বছরে আপনারা দেখেছেন, অন্যান্য রাজনৈতিক সংগঠনের কারণে সহাবস্থান ছিল না। আমরা রাবি শাখা ছাত্রদল দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন পদে থেকে সকল শিক্ষার্থী এবং রাজনৈতিক সংগঠনের সহাবস্থান নিশ্চিত করেছি। আমরা সবাই এবারের পয়লা বৈশাখ অনেক উৎসবমুখর পরিবেশে উদযাপন করছি।’’
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরো বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণে শিক্ষার পরিবেশ সুষ্ঠু রাখার জন্য রাবি শাখা ছাত্রদল বদ্ধপরিকর।
ঢাকা/ফাহিম/বকুল
গাজা ও লেবাননে সামরিক অভিযান চলবেই: নেতানিয়াহু