দেশের ইতিহাসে সর্বোচ্চ জ্বালানি মজুত রয়েছে: প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম
প্রতীকী ছবি
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, “এই মুহূর্তে দেশের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণ পরিশোধিত জ্বালানি তেলের মজুত রয়েছে।”
শুক্রবার (১৭ এপ্রিল) চট্টগ্রামের পতেঙ্গায় ইস্টার্ন রিফাইনারি পরিদর্শনে এসে তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, “বর্তমান পরিস্থিতিতে দেশের জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগের কারণ নেই। এপ্রিল ও মে মাসের চাহিদা পূরণের মতো পর্যাপ্ত জ্বালানি ইতোমধ্যে সংগ্রহ করা হয়েছে এবং সরবরাহ প্রক্রিয়াও নিশ্চিত রয়েছে। পাশাপাশি জুন মাসের প্রয়োজন মেটাতে আগাম প্রস্তুতি নেওয়া হচ্ছে।”
তিনি বলেন, “বৈশ্বিক অস্থিরতার মধ্যেও দেশের জেট ফুয়েলের মজুত সন্তোষজনক অবস্থায় রয়েছে। আন্তর্জাতিক বাজারে সরবরাহ সংকটের আশঙ্কা থাকলেও বাংলাদেশ প্রয়োজনীয় প্রস্তুতি রেখেছে।”
রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি বছরে প্রায় ১৫ লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল পরিশোধন করে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, “সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে আমদানি করা ক্রুড অয়েলের ওপর দীর্ঘদিন ধরে নির্ভর করছে প্রতিষ্ঠানটি। তবে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতির কারণে নির্ধারিত সময়সূচীতে কিছুটা প্রভাব পড়েছে। বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে এবং নতুন কার্গো আনার প্রক্রিয়া চলছে। আশা করছি, চলতি মাসের শেষের দিকে অতিরিক্ত অপরিশোধিত জ্বালানি দেশে পৌঁছাবে।”
জ্বালানি সরবরাহ নির্বিঘ্ন রাখতে সরকার পরিশোধিত তেল আমদানির পরিমাণও বাড়িয়েছে জানিয়ে তিনি বলেন, “এতে শোধনাগারের উৎপাদন সাময়িকভাবে কম থাকলেও সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটবে না।”
সম্প্রতি অপরিশোধিত জ্বালানির ঘাটতির কারণে ইস্টার্ন রিফাইনারির কিছু ইউনিট সীমিত পরিসরে পরিচালিত হলেও সময়টাকে রক্ষণাবেক্ষণের সুযোগ হিসেবে কাজে লাগানো হচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী।
তিনি আশা প্রকাশ করে বলেন, “নতুন চালান পৌঁছালে শোধনাগার পূর্ণ সক্ষমতায় উৎপাদনে ফিরবে।”
গণমাধ্যমকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “জ্বালানি খাত সম্পর্কে দায়িত্বশীলভাবে তথ্য উপস্থাপন করা হলে অযথা আতঙ্ক কমবে এবং জনগণের মধ্যে আস্থা বাড়বে।”
ঢাকা/রেজাউল/রাজীব
২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৫, আক্রান্ত ১১১৫