ওয়ানডে খেলতে ১৫ বছর পর আসছে অস্ট্রেলিয়া
মিরপুর শের-ই-বাংলায় শেন ওয়াটসনের ১৫ ছক্কার ইনিংস ক্রিকেট ইতিহাসের পাতায় লিখা আছে। ২০১১ সালে বাংলাদেশের বিপক্ষে ঝড় তুলে ওয়াটসন সেই ছক্কার বৃষ্টি নামিয়েছিলেন। দুই বছর সেটিই ছিল ওয়ানডেতে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ড। এরপর রোহিতের ১৬ ছক্কা হলো ২০১৩ সালে। ২০১৫ সালে প্রথমে এবি ডি ভিলিয়ার্স ও পরে ক্রিস গেইল ১৬ ছক্কা হাঁকালেন। সবাইকে ছাড়িয়ে গেলেন এউয়ন মরগ্যান। ২০১৯ বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে ১৭ ছক্কা হাঁকালেন। যা এখনো সবার শীর্ষে।
ওয়াটসন যেই ম্যাচে ১৫ ছক্কা হাঁকালেন এরপর অস্ট্রেলিয়া ক্রিকেট দল বাংলাদেশে কোনো ওয়ানডে ম্যাচ খেলেনি। সময়ের হিসেবে ১৫ বছর কেটে গেছে। মাঝে অস্ট্রেলিয়া টেস্ট ও টি-টোয়েন্টি খেলতে এলেও ৫০ ওভারের ম্যাচ খেলা হয়নি। এই বছরই সেই অপেক্ষা দূর হতে যাচ্ছে।
জুনে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া। তিনটি ওয়ানডের সঙ্গে তিনটি টি-টোয়েন্টি খেলবে অসিরা। ওয়ানডে সিরিজটি হবে মিরপুরে। টি-টোয়েন্টি চট্টগ্রামে। ৯, ১১ ও ১৪ জুন ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। ১৭, ১৯ ও ২১ জুন হবে টি-টোয়েন্টি সিরিজ। ওয়ানডে সিরিজের ম্যাচ দুপুর ২টায় শুরু হবে। চট্টগ্রামে প্রথম দুই টি-টোয়েন্টি সন্ধ্যা ৬টায় এবং শেষ টি-টোয়েন্টি দুপুর ২টায় অনুষ্ঠিত হবে।
অস্ট্রেলিয়া সবশেষ বাংলাদেশ সফরে এসেছিল ২০২১ সালে। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ তারা ৪-১ ব্যবধানে হেরেছিল। এর আগে ২০১৭ সালে এসে দুই টেস্ট খেলেছিল। ঢাকায় ম্যাচ হারলেও অস্ট্রেলিয়া টেস্ট জেতে চট্টগ্রামে।
অস্ট্রেলিয়ার এবারের সফরটি সম্প্রচারের দিক থেকেও গুরুত্বপূর্ণ। নতুন সম্প্রচার চুক্তির ফলে বাংলাদেশে অনুষ্ঠিত কোনো পুরুষদের দ্বিপাক্ষিক সাদা বলের সিরিজ অস্ট্রেলিয়াতেও সরাসরি সম্প্রচার করা হবে। ফক্স ক্রিকেট ও কায়ো স্পোর্টস ম্যাচগুলো দেখাবে।
ঢাকা/ইয়াসিন/আমিনুল
২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৫, আক্রান্ত ১১১৫