ডাকসু নির্বাচন
মেঘমল্লারকে ‘সবচেয়ে লোয়েস্ট ক্যান্ডিডেট’ বললেন ভাইরাল প্রার্থী আশিক
ঢাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম
মেঘমল্লার সবচেয়ে লোয়েস্ট ক্যান্ডিডেট বলে মন্তব্য করেছেন সিগারেট হাতে ভাইরাল হওয়া আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ( ডাকসু) নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী মো. আশিকুর রহমান।
সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে স্বতন্ত্র এ প্রার্থী এমন মন্তব্য করেন।
তিনি বলেন, “প্রত্যেকদিন একটু একটু করে এগোচ্ছি। আর আমি অন্তত মেঘমল্লারকে হারাব। তাকে যদি আমি হারাতে না পারি, তাহলে আমার ম্যান্ডেট থাকল কোথায়? আমি যেহেতু দাঁড়িয়েছি, অবশ্যই কিছু নিয়ে ফেরত আসব। আদর্শিক রাজনীতি যারা করে তাদের মধ্যে মেঘমল্লার সবচেয়ে লোয়েস্ট ক্যান্ডিডেট, তাকে অন্তত আমি হারাবই।”
তিনি আরো বলেন, “আর এই ১৯ দিন আমি ‘নো খাওয়া-দাওয়া’ নীতি গ্রহণ করেছি, আমি কারো কাছ থেকে খাব না, কাউকে খাওয়াবও না।”
ইশতেহারে ক্লাস অ্যাটেনডেন্স প্রসঙ্গে তিনি বলেন, “আমার একটা ক্লাস করতে ভালো লাগছে না, আমি ক্লাস করব না সিম্পলি। কারো ক্লাস করতে ভালো না লাগতেই পারে, তাকে কেনো জোর করে ক্লাস করতে নেওয়া হবে? আপনি দেখবেন, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ম্যাক্সিমাম সবাই পেছনের বেঞ্চে গিয়ে ঘুমায়। ক্লাসে যায় কেন তাহলে? ওই যে উপস্থিতি ১০ মার্কস। এটা আমার আর সব শিক্ষার্থীর চাওয়া। তাই আমি এটা আমার প্রথম ইশতেহারে দিয়েছি—ক্লাস অ্যাটেনডেন্স তুলে দেওয়া।”
মো. আশিকুর রহমান বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বুধবার (২০ আগস্ট) নিজের ফেসবুক থেকে আপলোড দেওয়া এক ফটোকার্ডে এই প্রার্থীকে সিগারেট হাতে একটি চেয়ারে বসে থাকতে দেখা যায়। এমন ছবি আপলোড দিয়ে তার ক্যাপশনে লেখেন, “অনেকেরই পোস্টারের ছবি নিয়ে আপত্তি আছে। কিন্তু দুইটা ভোট কম পাবো এই ভয়ে যদি পিছপা হতাম তাহলে আমি নিজেকে আর রেসপেক্ট করতাম না।”
তিনি আরও লিখেন, “A man must respect himself. A man must have pride. এটা জেন-জি যুগ। আমার পোস্টার, প্রচারণা সব জেন-জি স্টাইলেই হবে।”
পোস্টের সর্বশেষ বাক্য হিসেবে আশিক লেখেন, “ফান ফ্যাক্ট: ডাকসুতে দাড়াইছে সবাই, কিন্তু বসে আছে একজনই।”
ঢাকা/সৌরভ/মেহেদী
পদ্মায় ডুবে যাওয়া বাস থেকে ২৩ জনের লাশ উদ্ধার, দুটি তদন্ত কমিটি গঠন