জাবিতে সম্প্রীতির ইফতার, এক টেবিলে ছাত্রদল-শিবির-ইউনিয়ন
জাবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এক ব্যতিক্রমী দৃশ্যের দেখা মিলেছে। বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব আয়োজিত ইফতার মাহফিলে ভিন্ন রাজনৈতিক মতাদর্শের ছাত্রসংগঠনগুলোর শীর্ষ নেতাদের একই টেবিলে বসে ইফতার করতে দেখা যায়।
মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় এই ইফতার মাহফিলের আয়োজন করে জাবি প্রেসক্লাব। এতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সদস্য, শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মী ও সাংবাদিকরা অংশ নেন।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ভিন্ন রাজনৈতিক ধারার ছাত্রনেতাদের এক টেবিলে বসে ইফতার করা। সেখানে উপস্থিত ছিলেন জাবি ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মুহাম্মদ বাবর ও সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিক, ইসলামী ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, জাতীয় ছাত্রশক্তি জাবি শাখার সভাপতি জিয়া উদ্দিন আয়ান এবং জাবি ছাত্র ইউনিয়নের একাংশের সভাপতি জাহিদুল ইসলাম ইমন ও অপর অংশের সাধারণ সম্পাদক ফাইজান আহমেদ অর্ক।
ইফতারের আগে সংক্ষিপ্ত বক্তব্যে জাবি ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মুহাম্মদ বাবর বলেন, “২০২৪ সালের পর থেকে ক্যাম্পাসে ছাত্রদল সক্রিয় হওয়ার পর আমরা ইতিবাচক ও ভিন্নধর্মী রাজনীতির চর্চা করতে চাই। অতীতে ক্ষমতাসীনদের বাইরে থাকা শিক্ষার্থীরা নানা ধরনের চাপের মুখে থাকত। আমরা সেই সংস্কৃতি বদলে ক্যাম্পাসে সহাবস্থান ও সম্প্রীতির পরিবেশ নিশ্চিত করতে চাই।” এ সময় তিনি সাংবাদিকদের গঠনমূলক সমালোচনা ও সহযোগিতাও প্রত্যাশা করেন।
জাতীয় ছাত্রশক্তির জাবি শাখার সভাপতি জিয়া উদ্দিন আয়ান আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, “রমজান আমাদের ভ্রাতৃত্ব ও সহমর্মিতার শিক্ষা দেয়। এক টেবিলে বসে ইফতার করার এই আয়োজন পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করবে বলে আমি বিশ্বাস করি।”
জাবি প্রেসক্লাবের সভাপতি এসএম তাওহিদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ওসমান সরদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, “ক্যাম্পাসের বিভিন্ন কার্যক্রম ও শিক্ষার্থীদের যৌক্তিক বিষয়গুলো সমাজের সামনে তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে জাবি প্রেসক্লাব বিশ্ববিদ্যালয়ের সুনাম আরও বাড়াবে বলে আশা করি।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক আবদুর রব, প্রক্টর অধ্যাপক একেএম রাশিদুল আলম এবং প্রেসক্লাবের উপদেষ্টা অধ্যাপক সোহেল রানা।
অধ্যাপক ড. সোহেল রানা বলেন, “শিক্ষার্থীদের সাংবাদিকতা চর্চার পাশাপাশি সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রেসক্লাবের ভূমিকা প্রশংসনীয়। এ ধরনের আয়োজন পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বাড়াতে সহায়ক।”
সমাপনী বক্তব্যে জাবি প্রেসক্লাবের সভাপতি এসএম তাওহিদ বলেন, “বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক দিক এবং শিক্ষার্থীদের সমস্যা-সম্ভাবনা তুলে ধরতে জাবি প্রেসক্লাব কাজ করে যাচ্ছে। পবিত্র রমজানে সবাইকে এক ছাদের নিচে আনতে পেরে আমরা আনন্দিত। ভবিষ্যতেও বিশ্ববিদ্যালয় সাংবাদিকতার মানোন্নয়নে প্রেসক্লাব কাজ চালিয়ে যাবে।”
ঢাকা/আহসান/জান্নাত