জবি শিক্ষার্থীদের ওপর যুবদলের হামলার প্রতিবাদ ছাত্র সংসদের
জবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম
রাজধানীর ধোলাইখাল এলাকায় যুবদল নেতা শহিদুল ইসলাম সহিদের নেতৃত্বে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ।
মঙ্গলবার (৪ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ হামলায় জড়িতদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি।
সংগঠনটির সদস্য সচিব জাহিদ আহসানের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএনপি ও তার অঙ্গসংগঠনগুলো ছাত্র-জনতার অভ্যুত্থানের অন্যতম অংশীজন ছিল। কিন্তু অভ্যুত্থানের পরবর্তী সময়ে তারা ছাত্রদের ওপর হামলা, চাঁদাবাজি, আসামি ছিনতাই ও ক্যাম্পাসে সহিংসতাসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হচ্ছে, যা ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের চেতনার পরিপন্থী।
বিজ্ঞপ্তিতে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বিএনপি ও তার অঙ্গসংগঠনগুলোর প্রতি সহস্রাধিক আহত ও শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে থাকা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধারণ করার আহ্বান জানিয়েছে।
পাশাপাশি নানা সময়ে সংঘটিত অপরাধগুলোর সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানিয়েছে।
আরো পড়ুন: পুরান ঢাকায় জবি শিক্ষার্থীদের ওপর হামলা, আহত ৭
ঢাকা/লিমন/মেহেদী
পদ্মায় ডুবে যাওয়া বাস থেকে ২৩ জনের লাশ উদ্ধার, দুটি তদন্ত কমিটি গঠন