ঢাকা     মঙ্গলবার   ২৪ মার্চ ২০২৬ ||  চৈত্র ১১ ১৪৩২ || ৫ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

জাতীয় নারী বক্সিংয়ে রৌপ্য পেলেন যবিপ্রবির আফরা

যবিপ্রবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৮, ২ আগস্ট ২০২৫  
জাতীয় নারী বক্সিংয়ে রৌপ্য পেলেন যবিপ্রবির আফরা

যবিপ্রবি শিক্ষার্থী আফরা খন্দকার প্রাপ্তি (ডানে)।

সপ্তম জাতীয় নারী বক্সিং চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় রৌপ্য পদক অর্জন করেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থী আফরা খন্দকার প্রাপ্তি।

বৃহস্পতিবার(৩১ জুলাই) বাংলাদেশ আনসারের হয়ে অংশ নিয়ে ফাইনাল ম্যাচে তিন রাউন্ড শেষে রানার্সআপ হন তিনি। 

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক আফঈদা খন্দকার প্রান্তির বড়বোন আফরা খন্দকার। তিনি যবিপ্রবির শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও সাতক্ষীরা জেলার সুলতানপুর গ্রামের খন্দকার আরিফ হাসান প্রিন্সের বড় মেয়ে।

পল্টনের মোহাম্মদ আলী স্টেডিয়ামে বৃহস্পতিবার জাতীয় বক্সিং চ্যাম্পিয়নশিপে মেয়েদের ৫২ কেজি ওজন শ্রেণির ফাইনাল অনুষ্ঠিত হয়। এতে প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র প্রবাসী জিনাত ফেরদৌসের মুখোমুখি হন আফরা। টানা তিন রাউন্ড শেষে বিজয়ী হতে না পারলেও নকআউট সামলিয়ে নেন ভালোভাবেই।

ম্যাচ শেষে তিনি সাংবাদিকদের বলেন, “হেরেছি এতে আক্ষেপ নেই। খেলাটি শেষ পর্যন্ত নিয়ে যেতে চেয়েছিলাম, আলহামদুলিল্লাহ সেটা পেরেছি।”

খেলা শেষে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব উল আলম।

তিনি ২০১৭ সালে জুনিয়র ন্যাশনাল বক্সিংয়ে তৃতীয়, ২০১৮ সালে বাংলাদেশ যুব গেমসে প্রথম, ২০১৯ সালে জুনিয়র ন্যাশনাল, স্বাধীনতা কাপ ও বিজয় কাপে প্রথম স্থান অর্জন করেন। ২০২১ ও সর্বশেষ জাতীয় প্রতিযোগিতায় তিনি দ্বিতীয় স্থান অধিকার করেন।

এদিকে রৌপ্য পদক অর্জন প্রসঙ্গে আফরা বলেন, “আমি আমার এ অর্জনে অত্যন্ত আনন্দিত। আন্তর্জাতিক একজন প্রতিদ্বন্দ্বীর সঙ্গে খেলা আমার জন্য এক নতুন অভিজ্ঞতা। একজন খেলোয়াড় হিসেবে আমার বিশ্ববিদ্যালয় ও দেশকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে এবং গৌরব বয়ে আনতে চাই।”

ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিনি বলেন, “অনার্স শেষ করে বক্সিং বিষয়ে পেশাদার কোচ হওয়ার ইচ্ছা রয়েছে। পাশাপাশি সুযোগ পেলে অলিম্পিক গেমসে দেশের প্রতিনিধিত্ব করতে চাই।”

ঢাকা/ইমদাদুল/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়