ঢাকা     সোমবার   ১৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ৩ ১৪৩২ || ২৭ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

রপ্তানিকারকদের জন্য শিপিং ডকুমেন্টে নতুন সুযোগ বাংলাদেশ ব্যাংকের

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১০, ১৬ মার্চ ২০২৬   আপডেট: ১৯:১১, ১৬ মার্চ ২০২৬
রপ্তানিকারকদের জন্য শিপিং ডকুমেন্টে নতুন সুযোগ বাংলাদেশ ব্যাংকের

রপ্তানিকারকদের জন্য নতুন একটি সুবিধা চালু করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে এক লাখ মার্কিন ডলার পর্যন্ত পণ্য রপ্তানির ক্ষেত্রে পরিবহন বা শিপিং ডকুমেন্ট সরাসরি বিদেশি ক্রেতাদের কাছে পাঠাতে পারবেন রপ্তানিকারকরা।

সোমবার (১৬ মার্চ) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ-১।

আরো পড়ুন:

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো এখন রপ্তানিকারকদের বিদেশি আমদানিকারক বা তাদের মনোনীত পক্ষের নামে শিপিং ডকুমেন্ট প্রস্তুত করার সুযোগ দিতে পারবে। এর ফলে রপ্তানিকারকরা এসব ডকুমেন্ট সরাসরি আমদানিকারক বা তাদের মনোনীত ব্যক্তির কাছে পাঠাতে পারবেন।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, অনেক বিদেশি ক্রেতা দ্রুত পণ্য ছাড় করার সুবিধার জন্য নিজেদের নামে শিপিং ডকুমেন্ট ইস্যু করার অনুরোধ করেন। সেই বিষয়টি বিবেচনায় নিয়েই নতুন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে রপ্তানিকারকরা আন্তর্জাতিক বাজারের চাহিদা অনুযায়ী দ্রুত ব্যবসা পরিচালনা করতে পারেন।

তবে, রপ্তানি আয়ের নিরাপত্তা নিশ্চিত করতে কিছু শর্তও রাখা হয়েছে। ব্যাংকগুলোকে নিশ্চিত হতে হবে যে সংশ্লিষ্ট পণ্যের জন্য বৈধ রপ্তানি আদেশ রয়েছে। পাশাপাশি বিদেশি ক্রেতা বা কনসাইনির পরিচয়ও যথাযথভাবে যাচাই করতে হবে।

ব্যবসায়ীরা এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে, নতুন এই সুবিধা চালু হলে রপ্তানিকারকদের জন্য বিশ্ববাজারে ব্যবসা পরিচালনা সহজ হবে। একই সঙ্গে ক্রেতাদের বিভিন্ন শর্ত পূরণে নমনীয়তা বাড়বে এবং নির্ধারিত সময়ের মধ্যে রপ্তানি আয় দেশে ফেরত আনার বিষয়টিও নিশ্চিত করা সম্ভব হবে।

ঢাকা/নাজমুল/জান্নাত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়