এক বছরে শিল্পমাত্রায় কৃষিপণ্য রপ্তানি হবে: কৃষি মন্ত্রী
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
কৃষি, খাদ্য ও মৎস্য ও প্রাণীসম্পদমন্ত্রী মোহাম্মদ আমীন উর রশীদ বলেছেন, আগামী এক বছরের মধ্যে শিল্পমাত্রায় (ইন্ডাস্ট্রিয়াল স্কেলে) কৃষিপণ্য রপ্তানি শুরু করা হবে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, কৃষি দেশের অর্থনীতির মেরুদণ্ড এবং বৃহৎ জনগোষ্ঠী এই খাতের সঙ্গে সম্পৃক্ত। সঠিক পরিকল্পনার মাধ্যমে কৃষিখাতকে ঢেলে সাজানো হবে। দেশের অর্থনীতি আরো শক্তিশালী করতে কৃষিকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়ার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
তিনি জানান, আগামী এক বছরে কৃষিপণ্যের আমদানি কমিয়ে আনার পাশাপাশি রপ্তানি বাড়াতে সরকারের সুপরিকল্পিত উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের কৃষিকে এগিয়ে নিতে তিনি সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
শুভেচ্ছা বিনিময়কালে নবনিযুক্ত প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, “কৃষি অন্যতম গুরুত্বপূর্ণ খাত। এ খাতের সংশ্লিষ্ট সবাইকে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে।”
এ সময় কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
ঢাকা/এএএম/জান্নাত